
কলকাতা: যেখানে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মেয়র ফিরহাদ হাকিমের নিরাপত্তা কমেছে, সেখানেই নিরাপত্তা বাড়ল কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ল কাকলি ঘোষ দস্তিদারের। ওয়াই প্লাস (Y Plus Category) ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে কাকলিকে। আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী দেখা গিয়েছে তৃণমূলের সাংসদের বাড়ির সামনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই নিরাপত্তা দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সোমবার থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। মধ্যমগ্রামে তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ (CISF) জওয়ানদের দেখা গিয়েছে। বিকেলে মধ্যমগ্রাম-বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে বৈঠক করতে যাওয়ার সময়ও কেন্দ্রীয় নিরাপত্তা ছিল কাকলির সঙ্গে। যেখানে তৃণমূল গদিচ্যুত হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিমের নিরাপত্তা-কনভয় কমেছে, সেখানে হঠাৎ কেন তৃণমূল সাংসদের নিরাপত্তা বাড়ল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতিই “চার দশকের আনুগত্য” নিয়ে পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে তাঁকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নয় মাস আগে, গত বছরের অগস্ট মাসে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছিলেন, তখন কাকলিকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। হঠাৎ তাঁকে সরিয়ে আবার কল্যাণকে দায়িত্ব দেওয়ার পরই ক্ষোভ উগরে দেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কাকলি ঘোষ দস্তিদার লেখেন, “৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথচলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরষ্কৃত হলাম”।
তার আগে কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারও একাধিক ‘বিদ্রোহী’ পোস্ট করেছিলেন।