
কলকাতা: বিধায়কদের সই জালকাণ্ডে তাঁকে আজ (সোমবার) ডেকে পাঠিয়েছিল সিআইডি। কিন্তু, নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে হাজিরা এড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই এদিন বিকেলে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল সিআইডি-র টিম। তবে অভিষেকের বাড়ির ভিতরে ঢুকতে পারেননি সিআইডি আধিকারিকরা। বাইরে থেকেই নোটিস দিয়ে ফিরে যান তাঁরা।
বিধায়কদের সই জালকাণ্ডে এদিন ভবানীভবনে অভিষেককে তলব করা হয়েছিল। বেলা ১২টা নাগাদ হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, সোনারপুরে শনিবার আক্রান্ত হওয়ার পর অভিষেক এদিন আদৌ ভবানীভবনে যাবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। আপাতত বাড়িতে চিকিৎসা চলছে তাঁর। সেই অসুস্থতার কারণ দেখিয়েই তিনি এদিন হাজিরা দেননি বলে সূত্রের খবর। জানা গিয়েছে, সিআইডি-কে একটি চিঠি পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। চিঠিতে অসুস্থতার কারণ জানানো হয়েছে বলে খবর।
বিকেলে কালীঘাটের বাড়িতে সিআইডি-
অভিষেক ভবানীভবনে না যাওয়ার পর এদিন বিকেল ৫টা ৫২ মিনিটে অভিষেকের কালীঘাট রোডের বাড়ির সামনে আসেন সিআইডি তদন্তকারীরা। সিআইডি আধিকারিকরা ভেতরে ঢুকতে পারেননি। আধ ঘণ্টার বেশি তাঁরা অভিষেকের বাড়ির বাইরে অপেক্ষা করেন। এরপর অভিষেকের বাড়ির ভেতর থেকে অয়ন ঘোষ নামে একজন বেরিয়ে আসেন। তিনি সিআইডি-র কাছ থেকে একটি নোটিস নিয়ে ভেতরে ঢোকেন।
কিছুক্ষণ পর অয়ন বাইরে আসেন। তিনি জানান, নোটিসে সই করে রিসিভ করেছেন অভিষেক। জানা গিয়েছে, অভিষেক ভবানীভবনে যাওয়ার জন্য কয়েকদিন সময় চেয়েছেন। তবে সিআইডি-র তরফে কোনও মন্তব্য করা হয়নি। তাঁরা ৪০ মিনিটের বেশি অপেক্ষা করে নোটিসটি দিয়ে চলে যান সিআইডি আধিকারিকরা। জানা গিয়েছে, আগামী ৮ জুন বেলা ১২টায় অভিষেককে ফের তলব করা হয়েছে ভবানীভবনে।