CM Suvendu Adhikari: যাঁরা বাড়ি বানাবেন, তাঁদের জন্য ‘বাম্পার অফার’! এবার বড় ঘোষণা শুভেন্দুর

CM Suvendu Adhikari On Awas Scheme: শুক্রবার  ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৬০ হাজার টাকা। আবাসের টাকা নিয়ে যাতে কোনওভাবেই দুর্নীতি না হয়, সে বিষয়ে কড়া বার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাড়ি বানাতে গিয়ে উপভোক্তাদের যাতে পণ্য সামগ্রী কিনতে কোনও সমস্যা না হয়, তারও দায়িত্ব দিলেন জেলার প্রশাসনিক আধিকারিকদের ওপর।

CM Suvendu Adhikari: যাঁরা বাড়ি বানাবেন, তাঁদের জন্য বাম্পার অফার! এবার বড় ঘোষণা শুভেন্দুর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

Nov 13, 2026 | 2:32 PM

কলকাতা: আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার  ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৬০ হাজার টাকা। আবাসের টাকা নিয়ে যাতে কোনওভাবেই দুর্নীতি না হয়, সে বিষয়ে কড়া বার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাড়ি বানাতে গিয়ে উপভোক্তাদের যাতে পণ্য সামগ্রী কিনতে কোনও সমস্যা না হয়, তারও দায়িত্ব দিলেন জেলার প্রশাসনিক আধিকারিকদের ওপর। সস্তায় বালি ও ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পে যুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

 আবাস প্রাপকদের নির্মাণ সামগ্রীর খরচ কমাতে সস্তায় বালি সরবরাহ এবং ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের আওতায় আনার জন্য জেলাশাসক ও বিডিওদের বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী নিজেই বলেন, দ্রব্যমূল্যের বাজারে একটা বাড়ি বানানো খুবই চ্যালেঞ্জিং। কাঁচামাল কিনতে গিয়ে টাকার ঘাটতি পড়তেই পারে। সেক্ষেত্রে গরিব মানুষরা অন্ততপক্ষে একেবারেই ন্যূনতম মূল্যে বালি কিনতে পারেন, যাতে তা নিয়ে কোনও দুর্নীতির শিকার তাঁরা না হন, তা দেখার নির্দেশ জেলাশাসক ও বিডিও-দের ওপর দিলেন মুখ্যমন্ত্রী।

বালির চড়া দাম নিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে তিনি জেলাশাসকদের (DM) উদ্দেশ্যে বলেন, ‘‘উপভোক্তারা যাতে অল্প মূল্যে বালি কিনতে পারেন, সেটাও দেখে দেওয়ার দায়িত্ব আপনাদেরই। ১০০০ টাকা হলে তো ভালোই হত, তবে ন্যূনতম ১২০০ টাকার বেশিতে যেন বালি কিনতে না হয়, তা নিশ্চিত করতে হবে।’’

পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই আবাসের দুটি কিস্তির সম্পূর্ণ টাকা পেয়ে গিয়েছেন, সেই ১৭ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তাকে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ (PM Surya Ghar) প্রকল্পের সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও বিডিওদের উদ্দেশ্যে তিনি জানান, এই প্রকল্পের আওতায় বাড়িতে সোলার প্যানেল বসালে উপভোক্তারা বিপুল ভর্তুকি পাবেন—

  • ১০০ ইউনিট পর্যন্ত ৩০ হাজার টাকা সাবসিডি।

  • ২০০ ইউনিট পর্যন্ত ৬০ হাজার টাকা সাবসিডি।

  • ৩০০ ইউনিট পর্যন্ত ৭৮ হাজার টাকা সাবসিডি।

এ ছাড়াও তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) ভুক্ত উপভোক্তাদের জন্য রাজ্য বা বিশেষ তহবিল থেকে অতিরিক্ত ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে বলে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

 রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে ১০ লক্ষ উপভোক্তা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন। শুক্রবার আরও ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে ঢুকেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৭ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তা আবাসের দুটি কিস্তির সম্পূর্ণ টাকা পেয়ে গেলেন।

মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নির্মাণ খরচ কমানো এবং সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ বিল সাশ্রয়ের ক্ষেত্রে পন্থা একেবারে বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us