
কলকাতা: নেপালে (Nepal) নিখোঁজের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক পরিবারকে নিজের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর। স্বল্প ও দীর্ঘমেয়াদি সহায়তা পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।নেপালের হড়পা বানে নিখোঁজ এ রাজ্যের বহু বাসিন্দা। বুধবার সেই সকল পরিবারের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, আর্থিক সঙ্কটে থাকা একটি পরিবারকে নিজের এক মাসের বেতন দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মাসে তিনি কোনও বেতন নেবেন না। ওই পরিবারকে নিজের বেতন তুলে দিলেন। পাশাপাশি নিখোঁজ পরিবারগুলির জন্য স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি, দু’টি পৃথক সহায়তা পরিকল্পনা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর।
বৈঠকে পরিবারগুলির আর্থিক পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন মুখ্যমন্ত্রী। কোনও পরিবারের একমাত্র রোজগেরে সদস্য নিখোঁজ, আবার কোনও পরিবারের রাজমিস্ত্রির কাজ করা উপার্জনকারী সদস্যেরও এখনও সন্ধান মেলেনি। পরিবারের রোজগেরে সদস্য নিখোঁজ হওয়ায় যাঁরা আর্থিক সঙ্কটে পড়েছেন, তাঁদের চাকরি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর, সূত্রের খবর। নিখোঁজদের পরিবারের সঙ্গে প্রশাসনের নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ওই গ্রুপে প্রত্যেক নিখোঁজের পরিবারের সদস্যদের পাশাপাশি একজন করে সিভিক ভলান্টিয়ার এবং একজন পুলিশকর্মীকে যুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের কোনও সমস্যা হলে সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাবে। পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন সংশ্লিষ্ট পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার। প্রশাসনিক স্তরে পরিবারগুলিকে একা না রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রীর।