CM Suvendu Adhikari: যা করেছি, বেশ করেছি, কোনও নাম নিশানা থাকবে না: শুভেন্দু

CM Suvendu Adhikari defended the renaming of Kolkata's Suhrawardy Avenue: গতকাল কলকাতা পৌরনিগমের সিদ্ধান্তের প্রশংসা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন শুভেন্দু। লিখেছিলেন, প্রকৃত নায়কদের সম্মান জানানোর সময় এটা। রাজ্য সরকার যে সেই কাজই করবে, এদিন নিজের মন্তব্যে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

CM Suvendu Adhikari: যা করেছি, বেশ করেছি, কোনও নাম নিশানা থাকবে না: শুভেন্দু
গোপাল মুখোপাধ্যায় রোড নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 22, 2026 | 6:14 PM

কলকাতা: পার্ক সার্কাসের সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয়েছে গোপাল মুখোপাধ্যায় রোড। গতকাল কলকাতা পৌরনিগমের এই সিদ্ধান্তকে ঘিরে শোরগোল পড়েছে। ১৯৪৬ সালে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় বহু হিন্দুদের বাঁচানোর নায়ক গোপাল মুখোপাধ্যায়ের নামে রাস্তা হওয়ায় প্রশংসা করছে বিভিন্ন মহল। তবে সোহরাওয়ার্দির নাম বাদ দেওয়া নিয়েও একাংশ প্রশ্ন তুলছে। এই আবহে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন। তিনি স্পষ্ট করে দিলেন, ভবিষ্যতে আরও রাস্তার নাম পরিবর্তন হবে। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আরও রাস্তা হবে।

কী বললেন শুভেন্দু অধিকারী?

এদিন বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সাংবাদিক বৈঠকের শেষে পার্ক সার্কাসের সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদল নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। তখন মুখ্যমন্ত্রী বলেন, “যা করেছি। বেশ করেছি। কোনও নাম নিশানা থাকবে না। আরও যা আছে, সেগুলো করব। স্বামী বিবেকানন্দের নামে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাস্তা হবে।”

গতকাল কলকাতা পৌরনিগমের সিদ্ধান্তের প্রশংসা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন শুভেন্দু। লিখেছিলেন, প্রকৃত নায়কদের সম্মান জানানোর সময় এটা। রাজ্য সরকার যে সেই কাজই করবে, এদিন নিজের মন্তব্যে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত বছরের অগস্টে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এ মৃতদের স্মরণে পদযাত্রায় অংশ নিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর হাতে ছিল গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার ছবি। মিছিল শেষে আলিপুরে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচন করেছিলেন।

৯৩ বছর পর পার্ক সার্কাসের ওই রাস্তার নাম বদল হল- 

১৯৩৩ সালে পার্ক সার্কাসের এই রাস্তাটির নাম সোহরাওয়ার্দি অ্যাভিনিউ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা পৌরনিগম। ১৯৩৩ সালের ২০ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পৌরনিগম জানিয়েছিল, ১৯৩৩ সালের ৮ মার্চ কলকাতা পৌরনিগমে একটি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, পার্ক সার্কাস থেকে কাশিপাড়া লেন জংশন পর্যন্ত যে ১০০ ফুট নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে, তার নাম রাখা হবে সোহরাওয়ার্দি অ্যাভিনিউ। রাস্তাটি তৈরি করেছে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই রাস্তাতেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যর হাসান সোহরাওয়ার্দির বাড়ি।

স্যর হাসান সোহরাওয়ার্দি ১৯৩০ সালের ৮ অগস্ট থেকে ১৯৩৪ সালের ৭ অগস্ট পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তাঁর ভাইপো হলেন হুসেন শাহীদ সোহরাওয়ার্দি। যিনি ১৯৪৬ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। পরে পাকিস্তানে চলে যান। এবং তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হন। গ্রেট ক্যালকাটা কিলিংয়ের খলনায়ক এই হুসেন শাহীদ সোহরাওয়ার্দি। এই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গোপাল পাঁঠা। সেই গোপাল পাঁঠার নামেই সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম রাখা হয়েছে।

Follow Us