
কলকাতা: বিজেপি ক্ষমতায় আসার পরই বদলেছে একাধিক নিয়ম কানুন। কোনও রকম বেআইনি কার্যকলাপ চলবে না বলে আগেই জানিয়েছিল পদ্মশিবির। এরপর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হতেই একের পর এক কড়া বার্তা। ইতিমধ্যেই বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়ে গিয়েছে। কলকাতা তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে জায়গা-জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন কাউন্সিলররা। এই আবহের মধ্যেই এবার মদ নিয়ে বড় নির্দেশ শুভেন্দু অধিকারীর।
মঙ্গলবার বিরোধীদের নিয়ে প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের সময় যদিও তেমন কোনও নজির ছিল না। তবে, বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী স্পষ্টত জানিয়েছিলেন, শাসক-বিরোধী সকলে মিলেমিশে কাজ করতে হবে। ঠিক তেমনই মঙ্গলবার ছিল তিন জেলাকে নিয়ে বৈঠক। সেইখান থেকে শুভেন্দুর বার্তা, “আমি চাই,শুধু ভোটের সময় রাজনৈতিক কচকচানি হোক, সারাবছর গঠনমূলক আলোচনা হোক।”
এ দিন, কালীগঞ্জের মৃত শিশু তামান্নার ন্যায় বিচারের প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন। তামান্নাও আইনের শাসন পাবে। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে।” তখনই শুভেন্দু বলেন, “আমরা বলেছি স্কুল-কলেজ মন্দিরের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। এ সরকার অন্যভাবে চলবে।“