CPIM-TMC: এক মঞ্চে বিকাশ রঞ্জন-সৌগত রায়, SIR বাতিলের দাবিই কি ঘুচিয়ে দিচ্ছে মতাদর্শের ফারাক?

SIR Cancellation Demand: এসআইআর বাতিল এবং ২০২৪ সালের ভোটার লিস্ট অনুযায়ী নির্বাচন করার দাবিতে আয়োজন করা হয়েছিল এই সভার। বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে সামনে রেখে এই সভার আয়োজন করে ভারত অভিযান। সেখানে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সৌগত রায়।

CPIM-TMC: এক মঞ্চে বিকাশ রঞ্জন-সৌগত রায়, SIR বাতিলের দাবিই কি ঘুচিয়ে দিচ্ছে মতাদর্শের ফারাক?
এক মঞ্চে সৌগত রায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 12, 2026 | 8:43 AM

কলকাতা: বিরোধী দলগুলির মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিচ্ছে এসআইআর? কেন্দ্রে একজোট হয়েছে সব বিরোধীরা। এবার এসআইআর বাতিলের দাবিতে একমঞ্চে দেখা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সৌগত রায়কে। ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসুও।

রবিবার এসআইআর বাতিলের দাবিতে সভা হয় কলকাতায়। সেখানে একই মঞ্চে ছিলেন সিপিআইএম-এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তৃণমূলের সৌগত রায় এবং কংগ্রেসের তরফে প্রসেনজিৎ বসু। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ।

এসআইআর বাতিল এবং ২০২৪ সালের ভোটার লিস্ট অনুযায়ী নির্বাচন করার দাবিতে আয়োজন করা হয়েছিল এই সভার। বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে সামনে রেখে এই সভার আয়োজন করে ভারত অভিযান। অনুষ্ঠানে সৌগত রায় বলেন, “আমরা যে ভোটার লিস্টে ভোট দিলাম, তাতে ৯০ লক্ষ নাম ছিল না। বিধানসভা অনুযায়ী দেখলে দেখবেন, যারা জিতেছে, তারা খুব কম ভোটে জিতেছে। পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল সঠিক নয়। বিহার এবং পশ্চিমবঙ্গের নির্বাচনকে বাতিল ঘোষণা করা হোক।”

বাংলায় বাম-তৃণমূল যৌথ আন্দোলন নিয়ে যখন চর্চা তুঙ্গে, সেই সময়ই এক মঞ্চে দেখা গেল বিকাশ-সৌগতকে। গতকালই বিমান বসু বৃহত্তর স্বার্থে একজোট হওয়ায় সমস্যা না থাকার কথা বলেছিলেন।

অতীতে বাম-কংগ্রেস জোট নিয়ে চূড়ান্ত আলোচনার আগেই, চিট ফান্ড ইস্যুতে পথে নেমেছিলেন কংগ্রেসের আব্দুল মান্নান ও সিপিআইএম-এর সুজন চক্রবর্তী।  দুই পার্টি জোটের সিদ্ধান্ত নেওয়ার আগেই গণ ইস্যুতে সেদিন পথে নেমেছিলেন ওই দুই নেতা। এবার দিল্লিতে বিজেপি বিরোধী সব দল এক হলেও, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের দুই দল বাংলায় কি এক মঞ্চে আসতে পারবে? সিপিআইএম-তৃণমূলের সখ্যতার এই জল্পনাই আরও উসকে দিল এসআইআর বাতিলের দাবিতে এক মঞ্চে সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বের উপস্থিতি।

Loading...
Unable to load recommendations.
Follow Us