
রেজিনগর: গণতান্ত্রিক তৃণমূল প্রার্থীর প্রচারে লজেন্স বিলির সময়ে শিশুর মৃত্যু। রেজিনগরে ঋত শিবিরের মিছিলে লজেন্স কুড়োতে গিয়ে শিশুকে একটি গাড়ির ধাক্কা মারার অভিযোগ ওঠে। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
জানা গিয়েছে, রেজিনগরে উপনির্বাচনের আগে গণতান্ত্রিক তৃণমূলের তরফে জোরকদমে প্রচার চলছিল। প্রার্থী শফিউজ্জামান শেখের সমর্থনে একটি হুডখোলা গাড়ি মিছিল বার করে। জানা যাচ্ছে, সেই মিছিল থেকেই জনগণের উদ্দেশে লজেন্স ছোড়া ছিল। লজেন্স কুড়োতে উৎসাহী জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মিছিল দেখতে এসেছিল সেই বাচ্চা মেয়েটিও। হুড়োহুড়ির মধ্যে সেও লজেন্স কুড়োতে যায়। কিন্তু ভিড়ের মধ্যে টাল সামলাতে না পেরে পড়ে যায় সে। একটি গাড়িও ধাক্কা মারে। রাস্তার পাশে থাকা পাথরের ওপর পড়ে শিশুটির মাথা। গুরুতর চোট লাগে তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে NRSএ স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তার।
কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “আমরা ভোট চাইতে গিয়েছি। সেখানে বিপদ হয়েছে। প্রার্থীর ওই শিশুটির পরিবারের কাছে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু নিষ্ঠুর মানসিকতা। সেই দল সম্পর্কে মানুষের ধারণা কী হবে! কার অসাবধনতা, কার দায়, এটা নিয়ে একটা তদন্ত হওয়া উচিত।”
বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বাচ্চাদের লজেন্স দেওয়ার হলে, কেউ রাস্তার মধ্যে ছুড়ে দেয়! বাচ্চার কাছে গিয়ে বাচ্চার হাতে দাও।”
গণতান্ত্রিক তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তবে খুবই অনাকাঙ্খিত ঘটনা। কোনও দলই চায় না, তাদের প্রচারে কোনও বাচ্চার এমন হোক। পরিবারের পাশে রয়েছি।” রেজিনগরের গণতান্ত্রিক তৃণমূলের প্রার্থী শফিউজ্জামান শেখ বলেন, “যা করা হয়েছে সেটা তো আনন্দের জন্য। বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা এরকম কোনও খবর পাইনি। আমরা খোঁজ নিচ্ছি। নিশ্চয়ই তাদের সঙ্গে দেখা করব।”