
কলকাতা: বারুইপুর-কাণ্ডে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তবে, আম-জনতার প্রশংসা কুড়িয়েছে পুলিশ। শুধু তাই নয়, অভিযুক্তের পরিবারের সদস্যও জানিয়েছে, পুলিশ যা করেছে ঠিক করেছে। তাহলে বিরোধীরা কেন এমন প্রশ্ন তুলছে। এমনকী এনকাউন্টার নিয়ে অনেক ফাঁক ও অনেক প্রশ্নও রয়েছে বিরোধীদের। এই ইস্যুতেই মুখ খুললেন দিলীপ।
রাজ্যের মন্ত্রী বলেন, “আর কী কী দেখাব? আর কী কী ওরা দেখতে চায়? ছোটবেলায় একটা গান শুনতাম দেখাব নাকি। সেই গান ওরা শুনতে চাইছেন? সবকিছুর একটা শেষ থাকে। ন্যাকামোর শেষ নেই ওদের। মাঠের মধ্যে এনকাউন্টার হয়েছে। সেখানে সিসিটিভি থাকবে? ভিডিয়োগ্রাফি থাকবে? অপরাধী সাজা পেয়েছে তাতে ওরা খুশি নয়। কী চাইছেন, অপরাধীদের বাঁচিয়ে রেখে ট্রায়ালের পর ট্রায়াল চলবে? এই সুযোগ ওদের দেব না।”
এখানেই শেষ নয়, দিলীপ আজ ধুয়ে দিয়েছেন বিরোধীদেরও। দিলীপ ঘোষ বারেবারে বলেছেন, যাঁরা এনকাউন্টারের বিরোধিতা করছেন তাঁরা সরকার বিরোধী। এমনকী, বুদ্ধিজীবীদের মাথায় ডিম ছোড়ার নিদানও দিয়েছেন। বলেন, “এরা সমাজ বিরোধী। এই যে অপরাধ বেড়েছে সমাজে এর পিছনে কমিউনিস্টরা বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের ইমেজ আর নাম ছাড়া চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধী সাজা পেলে তার বিরুদ্ধেও আন্দোলন।” বিজেপি এই মন্ত্রীর আরও নিদান, “ডিম এই সব বুদ্ধিজীবীদের মাথায় ভাঙুন। এদের বুঝিয়ে দিন। অপরাধী এবং অপরাধের পাশে দাঁড়ানো এইসব মানুষকে সমান ট্রিটমেন্ট দিন।”