Dilip Ghosh: কসবায় আরসালান বিরিয়ানির নির্মাণ গুঁড়িয়ে দেবে বুলডোজার? চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ

Dilip Ghosh On Arsalan Biryani: টেগোর পার্ক এলাকায় অবস্থিত একটি মন্দিরের জায়গা দখল করে নিজেদের গোডাউনের পরিসর বাড়িয়েছে সংশ্লিষ্ট বিরিয়ানি সংস্থা। এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানান, যে কোনও ধরনের বেদখল হওয়া জমি মুক্ত করা হবে।

Dilip Ghosh: কসবায় আরসালান বিরিয়ানির নির্মাণ গুঁড়িয়ে দেবে বুলডোজার? চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ
দিলীপ ঘোষ, গ্রামোন্নয়ন মন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 12, 2026 | 9:17 AM

কলকাতা: টেগোর পার্কে একটি মন্দির দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ উঠেছে আরসালান বিরিয়ানি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের সময়ে গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, অবৈধ দখলদারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি সরাসরি বুলডোজার চালানোর পক্ষে সওয়াল করেছেন।

অভিযোগ, টেগোর পার্ক এলাকায় অবস্থিত একটি মন্দিরের জায়গা দখল করে নিজেদের গোডাউনের পরিসর বাড়িয়েছে সংশ্লিষ্ট বিরিয়ানি সংস্থা। এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানান, যে কোনও ধরনের বেদখল হওয়া জমি মুক্ত করা হবে। তাঁর কথায়, “এ ধরনের যা যা বেদখল হয়েছে, মন্দির হোক অন্য কিছু হোক। বা আর জায়গা নেই সে যদি দখল করে থাকে সেটা মুক্ত হবে। অবশ্যই বুলডোজার চলা উচিত।”

উল্লেখ্য, সংশ্লিষ্ট এই রেস্তোরাঁ গোষ্ঠীর বিরুদ্ধে জমি দখল বা বেআইনি নির্মাণের অভিযোগ এই প্রথম নয়। এর আগে ২০২৬ সালের এপ্রিল ও মে মাসে কলকাতার পার্ক স্ট্রিট এলাকার আরসালান রেস্তোরাঁয় বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। সেই সময় কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে রেস্তোরাঁর ওই অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। এ ছাড়া দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে ফুটপাত ও সরকারি জমি দখল করে দোকান চালানোর অভিযোগও উঠেছিল সংস্থাটির বিরুদ্ধে। যদিও মন্দির দখল নিয়ে এখনও পর্যন্ত সংস্থাটির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এদিনই কালীঘাটে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার চলেছে। অস্থায়ী নির্মাণ ভেঙে ফুটপাত দখলমুক্ত করা হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us