Newtown: জাপটে ধরে একে অপরকে… নিউটাউনের ভরা রাস্তায় ২ শিক্ষকের কীর্তি দেখতে লোক দাঁড়িয়ে পড়ল রাস্তায়

Drunk School Teachers in Kolkata: ঘটনাস্থলে নিউ টাউন ট্রাফিক গার্ডের ডিউটিতে থাকা পুলিশকর্মীরা পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকা তিন যুবক ট্রাফিক পুলিশের সাথেও তুমুল তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলে ও হাতাহাতি শুরু করে।

Newtown: জাপটে ধরে একে অপরকে... নিউটাউনের ভরা রাস্তায় ২ শিক্ষকের কীর্তি দেখতে লোক দাঁড়িয়ে পড়ল রাস্তায়
গ্রেফতার শিক্ষকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 05, 2026 | 2:41 PM

কলকাতা:  রাত তখন অনেকটাই। ঝড়ের গতিতে ছুটছিল বাইক। তাতে তিন যুবক। হঠাৎ করেই তাঁরা উল্টো দিকের লেনে চলে আসেন। তখন নিজের লেন দিয়েই যাচ্ছিল চার চাকা গাড়ি। মুখোমুখি ধাক্কা। রাতের শহরে আশপাশেই ছিল পুলিশ। পুলিশ চলে আসে। মত্ত তিন যুবককে জিজ্ঞাসাবাদ করেন। শুরু হয়ে যায় বচসা। কথা কাটাকাটির মধ্যেই পুলিশের গায়ে হাত তোলেন বলেও অভিযোগ। সবচেয়ে অবাকের বিষয়, অভিযুক্ত মদ্যপ এই তিন যুবকই পেশায় শিক্ষক। তাঁরা একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। তাঁদের মধ্যে মূলত ২ শিক্ষকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিউ টাউনের নওয়াপাড়ার দিকে একটি মোটরসাইকেলে সওয়ার হয়ে তিন যুবক যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটি সম্পূর্ণ ভুল দিক (রং সাইড) দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছিল। সেই সময় সঠিক লেন ধরে আসা একটি চারচাকা গাড়ির সাথে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই গাড়ি চালকের সাথে ওই তিন যুবকের তীব্র বচসা শুরু হয়।

ঘটনাস্থলে নিউ টাউন ট্রাফিক গার্ডের ডিউটিতে থাকা পুলিশকর্মীরা পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকা তিন যুবক ট্রাফিক পুলিশের সাথেও তুমুল তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলে ও হাতাহাতি শুরু করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাফিক গার্ডের তরফ থেকে দ্রুত খবর দেওয়া হয় ইকো পার্ক থানায়। ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিন যুবককে আটক করে এবং থানায় নিয়ে এসে গ্রেফতার দেখায়।

পুলিশ সূত্রের খবর, গ্রেফতার হওয়া তিন যুবকের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল পরীক্ষার পর অভিযুক্তদের আদালতে পেশ করা হবে। পুলিশি তদন্তের স্বার্থে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে বলে ইকো পার্ক থানা সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আদালতে নিয়ে যাওয়ার সময়ে অভিযুক্তদের জিজ্ঞাসা করা হয়, কেন মেরেছেন পুলিশকে? কোনও উত্তরই দেন না তাঁরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us