Kolkata Police Helpline: পুজোর ভিড়ে প্রিয়জন হারিয়ে গেলে কী করবেন? থাকছে বিশেষ ব্যান্ড, কী জানাল কলকাতা পুলিশ?

Kolkata Police Helpline in Durga Puja: পুজোর ভিড়ে শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার বিশেষ ব্যান্ড চালু করছে কলকাতা পুলিশ। পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে কোনও শিশু হারিয়ে গেলে যাতে দ্রুত তার পরিচয় জানা যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। কলকাতা পুলিশের বিভিন্ন কিয়স্ক থেকে এই বিশেষ ব্যান্ড পাওয়া যাবে।

Kolkata Police Helpline: পুজোর ভিড়ে প্রিয়জন হারিয়ে গেলে কী করবেন? থাকছে বিশেষ ব্যান্ড, কী জানাল কলকাতা পুলিশ?
বাঁদিকে দুর্গাপুজোর ভিড়, ডান দিকে কলকাতা পুলিশের ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 15, 2026 | 8:11 PM

কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja) ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ভিড়ের চাপে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বাড়ির বয়স্ক ও শিশুরা। পুজোর সময় প্রত্যেক বছরই কম-বেশি এই ধরনের ঘটনা ঘটে থাকে। হারিয়ে যাওয়া সদস্যদের দ্রুত খুঁজে পেতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রতি বছরের মতো এবারও চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর। পাশাপাশি, শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা।

কোন নম্বরে ফোন করলে মিলবে সাহায্য?

পুজোর দিনগুলিতে ভিড়ে কেউ হারিয়ে গেলে বা পরিবারের কোনও সদস্যের খোঁজ না পাওয়া গেলে সরাসরি কলকাতা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর ৯১৬৩৭৩৭৩৭৩-তে যোগাযোগ করা যাবে। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা। পুজোর ভিড়ে হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে পেতে এবং তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু হেল্পলাইন চালু করাই নয়, পুজোর সময় নজরদারি ও সাধারণ মানুষকে সাহায্য করার জন্য কলকাতা পুলিশের ১০টি ডিভিশনের জন্য পৃথক ১০টি গাড়িরও উদ্বোধন করা হয়েছে।

শিশুদের জন্য বিশেষ ব্যান্ড, কী সুবিধা মিলবে?

পুজোর ভিড়ে শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার বিশেষ ব্যান্ড চালু করছে কলকাতা পুলিশ। পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে কোনও শিশু হারিয়ে গেলে যাতে দ্রুত তার পরিচয় জানা যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। কলকাতা পুলিশের বিভিন্ন কিয়স্ক থেকে এই বিশেষ ব্যান্ড পাওয়া যাবে। অভিভাবকরা ছোটদের হাতে ওই ব্যান্ড পরিয়ে রাখতে পারবেন। লালবাজারের দাবি, ভিড়ের মধ্যে কোনও শিশু পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে এই ব্যান্ডের সাহায্যে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। ফলে শিশুটিকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও সহজ হবে।

আর কোন কোন নম্বরে যোগাযোগ করা যাবে?

বিশেষ হেল্পলাইনের পাশাপাশি কলকাতা পুলিশের অন্যান্য জরুরি পরিষেবাও আগের মতোই চালু থাকবে। কোনও ব্যক্তি নিখোঁজ হলে কলকাতা পুলিশের মিসিং পারসন স্কোয়াডের ০৩৩-২২১৪১৮৩৫ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও কলকাতা পুলিশ কন্ট্রোল রুমের ১০০ এবং ১১২ নম্বরেও ফোন করে সাহায্য চাওয়া যাবে।

পুজোর দিনগুলিতে শহরের বিভিন্ন মণ্ডপ ও রাস্তায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সেই ভিড়ে বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতেই কলকাতা পুলিশের এই উদ্যোগ।

Loading...
Unable to load recommendations.
Follow Us