
কলকাতা: দুর্গাপুজো। এই সময় কি আর ঘরে মন টেকে! সকাল থেকে রাত-প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে ব্যস্ত সবাই। কিন্তু এই সময়ে সব আনন্দ মাটি করে দিচ্ছিল বৃষ্টির আশঙ্কা। পঞ্চমীতে ইতিমধ্যেই ভাসিয়েছে কলকাতা। বৃষ্টি হয়েছে একাধিক জেলাতেও। ষষ্ঠী যদিও শুকনোই কেটেছে। অবশেষে সপ্তমীতে অবশেষে মিলল সুখবর। পুজোর আনন্দ-আমেজ এবার চুটিয়ে উপভোগ করুন। বৃষ্টির জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার পথে বাংলা। দুর্গাপুজোর প্রধান চারটি দিনেই সদয় প্রকৃতি।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তমী থেকে একাদশী অবধি দক্ষিণবঙ্গে চলবে ‘ড্রাই ডে’। না না, অন্য ড্রাই ডে নয়, এই কদিন বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।
পাহাড়ে আবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নবমী থেকে একাদশী উত্তরবঙ্গেও শুকনো আবহাওয়া থাকবে।
আজ মূলত উপকূলবর্তী জেলা ও তার লাগোয়া জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ-কাল উত্তরবঙ্গের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।