Durga Puja Weather Update: অক্টোবরেও আকাশ মেঘলা, দুর্গাপুজোর চারদিনও কি ভাসবে বাংলা? কী বলছে হাওয়া অফিস

Bengal weather forecast: আপাতত বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির সম্ভাবনা ও তুলনামূলকভাবে কম থাকবে। কোনো জেলার দু'এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। তবে বাড়বে জলীয় বাষ্প জনিত অস্বস্তি। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই।

Durga Puja Weather Update: অক্টোবরেও আকাশ মেঘলা, দুর্গাপুজোর চারদিনও কি ভাসবে বাংলা? কী বলছে হাওয়া অফিস
মা দুর্গা এলেও কি বৃষ্টি হবে?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 03, 2026 | 10:27 AM

কলকাতা: অক্টোবর মাস পড়ে গিয়েছে। আর ক’দিন বাদেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। সেপ্টেম্বরে পুজোর প্রস্তুতি-কেনাকাটায় অনেকটাই জল ঢেলেছে বৃষ্টি। এবার কি দুর্গাপুজোর সময়ও বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া অফিস, জেনে নিন আপডেট।

পুজোয় বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আপাতত দুর্গাপুজোর প্রস্তুতিতে বড়সড় বাগড়া দেবে না বৃষ্টি। মহালয়া পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই বাংলায়। তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। এখনই ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নয়।

এদিকে, পুজোর মুখে নিম্নচাপ সৃষ্টির আভাস রয়েছে বঙ্গোপসাগরের উপরে। যদিও সেই নিম্নচাপের গন্তব্য বা অভিমুখ এখনও স্পষ্ট নয়।

কেমন থাকবে আজকের আবহাওয়া?

আজ, শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজ দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

সিস্টেম-

বিহার ঝাড়খণ্ডে আগামী ২৪ ঘণ্টায় বর্ষা বিদায় পর্ব শুরু হবে। বাংলায় বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। অন্যদিকে, বিহার এবং সংলগ্ন উত্তর প্রদেশ এবং অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে অন্য জেলাতেও।

আপাতত বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির সম্ভাবনা ও তুলনামূলকভাবে কম থাকবে। কোনো জেলার দু’এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। তবে বাড়বে জলীয় বাষ্প জনিত অস্বস্তি। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা।  উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে।

আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে।
সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

কলকাতার আবহাওয়া-

জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ঘাম মুছতে হবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকবে। আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা। দু’এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us