Buddhadeb Bhattacharya: ‘OBC নিয়ে কাঠগড়ায় যদি কাউকে দাঁড়াতে হয়, তিনি বুদ্ধবাবু’, কেন দায় ঠেলছেন উপেন বিশ্বাস

Buddhadeb Bhattacharya: ২০১২ সালে তৃণমূল আমলে ওবিসি সংক্রান্ত আইন পাশ হলেও ২০১০ সালে বাম আমলেই এই বিষয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছিল। সেখানে ৪১টি মুসলিম সম্প্রদায় সহ মোট ৪২টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই পদক্ষেপ ঠিক ছিল না বলে দাবি করেছেন উপেন বিশ্বাস।

Buddhadeb Bhattacharya: OBC নিয়ে কাঠগড়ায় যদি কাউকে দাঁড়াতে হয়, তিনি বুদ্ধবাবু, কেন দায় ঠেলছেন উপেন বিশ্বাস
ওবিসি আইন নিয়ে ব্যাখ্যা উপেন বিশ্বাসেরImage Credit source: GFX- TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 24, 2024 | 1:50 PM

কলকাতা: ২০১২ সালে ওবিসি নিয়ে যে বিধি তৈরি করেছিল তৃণমূল সরকার, তা বাতিল বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। যখন ওই বিধি তৈরি করা হয়েছিল, সেই সময় রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস। তাঁর হাতেই তৈরি হয়েছিল তালিকা। সেই তালিকা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কাঠগড়ায় দাঁড় করালেন উপেন বিশ্বাস। বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এই ওবিসি সংক্রান্ত বিষয়ে বুদ্ধবাবু যা করেছিলেন, তা সংবিধান-বিরোধী।

আসলে ২০১২ সালে তৃণমূল আমলে ওবিসি সংক্রান্ত আইন পাশ হলেও ২০১০ সালে বাম আমলেই এই বিষয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছিল। সেখানে ৪১টি মুসলিম সম্প্রদায় সহ মোট ৪২টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই পদক্ষেপ ঠিক ছিল না বলে দাবি করেছেন উপেন বিশ্বাস। উল্লেখ্য, বামেরাই দেশের মধ্যে প্রথমবার মুসলিমদের ওবিসি-তে অন্তর্ভুক্ত করেছিল।

বাম আমলের এই সিদ্ধান্ত প্রসঙ্গে উপেন বিশ্বাস বলেন, “বুদ্ধবাবু লিখিতভাবে বলেছিলেন, আমি মুসলিমদের সংরক্ষণ দিচ্ছি। আরও দিতে হবে। এই বিষয়টাই সংবিধান বিরোধী। সংবিধানে কোথাও বলা নেই যে জাতির ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে। বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন যে জাতির ভিত্তিতে কোনও সংরক্ষণ দেওয়া হবে না।” উপেন বিশ্বাস এদিন স্পষ্ট বলেন, “এই পরিস্থিতির জন্য কাঠগড়ায় যদি কাউকে দাঁড়াতে হয়, তাহলে তিনি বুদ্ধবাবু।” উপেন বিশ্বাস আরও উল্লেখ করেন, বাম আমলে এই নিয়ে কোনও আইন তৈরি করা হয়নি, সেটা ছিল প্রশাসনিক আদেশ।

উল্লেখ্য, বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী নির্দেশ দিয়েছেন, ২০১২ সালে ওবিসি সংক্রান্ত বিধি বাতিল। ওই বিধি অনুযায়ী, যে শংসাপত্র দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৯৯৩ -এর অনগ্রসর জাতি সংক্রান্ত আইন মানা হয়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us