
কলকাতা: এবার বিপাকে রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বিধাননগর দক্ষিণ থানায়। বছর দেড়েক আগে মহিলাদের উদ্দেশে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য এবং প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগ দায়ের হয়েছে ফিরহাদের বিরুদ্ধে। বুধবার বিজেপি কর্মী সঞ্জয় পয়রা অভিযোগটি দায়ের করেন। ফিরহাদের গ্রেফতারির দাবি জানিয়েছে তিনি।
কী বললেন অভিযোগকারী বিজেপি কর্মী?
এদিন সকালে বিধাননগর দক্ষিণ থানায় ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আসেন বিজেপি কর্মী সঞ্জয় পয়রা। অভিযোগ দায়েরের পর তিনি বলেন, “তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ ২০২৪ সালের ৭ নভেম্বর সন্দেশখালিতে তৃণমূলের একটি সভায় মহিলাদের মাল বলে সম্বোধন করেন। এবং প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন ও ব্যঙ্গাত্মক কথা বলেন। সেই ভিডিয়ো আমাদের কাছে রয়েছে। এই থানাতেই ওইদিন অভিযোগ জানাতে এসেছিলাম। কিন্তু, সেইসময় ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ নেয়নি এই থানাই। আজ তার পরিপ্রেক্ষিতে প্রাক্তন মেয়র ও প্রাক্তন পুরমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম।”
ফিরহাদের বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যেরও অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী। তিনি বলেন, “আবার ২০২৪ সালের ৩ জুলাই একটি সরকারি অনুষ্ঠানে ধর্মীয় উস্কানিমূলক কথা বলেছিলেন ফিরহাদ। তখন তিনি পুরমন্ত্রী। সেইসময় এই থানাতে আমরা এসেছিলেন। তখনও অভিযোগ নেয়নি। এদিন অভিযোগ নিয়েছে। ধর্মীয় বিভাজন ও উস্কানিমূলক কথাবার্তার জন্য আমি তাঁর গ্রেফতারির দাবি জানাই।”
অভিযোগকারী বিজেপি কর্মী সঞ্জয় পয়রা
রাজ্যে পালাবদলের পর পুলিশের ভূমিকা বদলের প্রশংসা করে সঞ্জয় পয়রা বলেন, “আগে মমতার পুলিশ আমাদের অভিযোগ নিত না। কিন্তু, বিজেপির বিরুদ্ধে অভিযোগ হত। এখন পুলিশ নিরপেক্ষ।”
রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসছে। গ্রেফতার হয়েছেন একাধিক তৃণমূল নেতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। এবার ফিরহাদের গ্রেফতারির দাবি উঠল। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।