
কলকাতা: ফের অঙ্গদানের (Organ Donation) নজির। ট্রলারে মাছ ধরতে গিয়ে হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) হামলা। কোনওরকমে প্রাণ বাঁচলেও গুরুতর জখম হয়েছিলেন কুলতুলির মৎস্যজীবী। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, শুক্রবার ব্রেনডেথ হয় ওই মৎস্যজীবীর। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মৎস্যজীবীর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। ইতিমধ্যেই অঙ্গদানের সব নিয়মাবলী সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
মৃত মৎস্যজীবীর নাম আজিজ মোল্লা (৩২)। কুলতলি কোস্টাল থানার মইপিট এলাকার বাসিন্দা তিনি। গত বুধবার ২ সেপ্টেম্বর ৫-৬ জন সঙ্গীর সঙ্গে ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন। জাল নামিয়ে মাছ তোলার সময় আচমকাই রয়্যাল বেঙ্গল টাইগার হামলা করে বলে দাবি পরিবারের। আজিজকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেইসময় সঙ্গীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে, গুরুতর জখম হয়েছিলেন আজিজ।
প্রথমে আজিজকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করেন। রাজ্যের বাইরে থেকেও চিকিৎসকরা এসেছিলেন বলে খবর। দু’দিন বিভিন্ন শারীরিক পরীক্ষা এবং অপারেশন করার পরও শেষরক্ষা হয়নি। শুক্রবার চিকিৎসকদের তরফ থেকে জানানো হয় ব্রেন ডেথ হয়েছে আজিজের।
চিকিৎসকদের তরফ থেকে পরিবারকে আজিজের অঙ্গদানের পরামর্শ দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি হয় আজিজের পরিবার। সোমবারই অঙ্গদানের সমস্ত নিয়মাবলী সম্পন্ন করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার পরীক্ষা করে চিকিৎসকরা ঠিক করবেন কোন অঙ্গ গুলি ব্যবহার করা যাবে।