
কলকাতা: দক্ষিণ কলকাতার একাধিক রেস্তোরাঁয় তল্লাশি চালালেন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা (Food Safety) দফতরের আধিকারিকরা। সেই অভিযানে ফের উদ্ধার হল মেয়াদ উত্তীর্ণ খাবার, ফ্রিজে জমিয়ে রাখা কাবাব-তন্দুরি। শুধু তাই নয়, জনপ্রিয় মিষ্টির দোকান গাঙ্গুরামে নিমকির প্যাকেটে মিলেছে পালক। ফের পুজোর মুখে খাদ্য সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন।
সম্প্রতি বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে পচা খাবার, খাবার অযোগ্য রঙের প্যাকেট উদ্ধার করেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। গোটা রাজ্য জুড়েই চালানো হয় অভিযান। কিছুদিন আগে কলকাতার ৪০টি দোকানের লাইসেন্স বাতিল করা হয়। সেই তালিকা প্রকাশ করে পুরনিগম। আর বৃহস্পতিবার নতুন করে শুরু হয়েছে তল্লাশি।
জনপ্রিয় বিরিয়ানির দোকান আমিনিয়ায় ফ্রিজ থেকে বের করে ফেলে দেওয়া হল ফিরনি, সস। সেগুলি মেয়াদ উত্তীর্ণ বলে জানানো হয়েছে।
গোলপার্কের একটি রেস্তোরাঁ থেকে ফেলে দেওয়া হয়েছে কাবাব, মোমো। সেগুলি ফ্রিজের মধ্যে জমিয়ে রাখা হয়েছিল। দুধের প্যাকেটে মিলেছে মরা আরশোলা। সেটাও ফেলে দেওয়া হয়েছে।
গাঙ্গুরামের নিমকির প্যাকেটে মিলেছে পালক। প্রশ্ন করা হলে দোকানের এক কর্তা বলেন, “ভুল করে চলে এসেছে। এটা ঠিক হয়নি।” কার্যত ভুল স্বীকার করে নিয়েছে গাঙ্গুরাম।
চিংড়ি, মাছ, চাউমিন সহ একাধিক খাবার ফেলে দেওয়া হয়েছে জিষান নামের অপর একটি রেস্তোরাঁয়। সেখানোও মেয়াদের কোনও তারিখ উল্লেখ করা ছিল না।