Partha Chatterjee: ‘একটুর জন্য’ এবারও পুজো দেখা হবে না পার্থর

Partha Chatterjee bail plea: এই মামলায় গত ২৭ ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। এই মামলায় রাজসাক্ষী হন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। তারপর তাঁর নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পার্থর আইনজীবী আদালতে সওয়াল করেন, নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। তাহলে কেন তাঁর মক্কেল জামিন পাবেন না? সিবিআইয়ের যুক্তি, নিয়োগ দুর্নীতির 'মূল মাথা' পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chatterjee: একটুর জন্য এবারও পুজো দেখা হবে না পার্থর
জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 26, 2025 | 1:03 PM

কলকাতা: শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় তাঁকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। পুজোর আগে বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে পুজোর আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন না। শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে বিচারপতি নির্দেশ দিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে। সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতা করতে হবে।

আর কী কী শর্ত দেওয়া হয়েছে? বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় মোবাইল নম্বর বদল করতে পারবেন না। বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন। তবে কোনও পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না।

জামিন পেলেও পুজোর আগেই কেন জেল থেকে ছাড়া পাবেন না পার্থ? নেপথ্যে রয়েছে শীর্ষ আদালতের একটি নির্দেশ। গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যে মামলাগুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন এখনও হয়নি, চার সপ্তাহের মধ্যে সেগুলিতে চার্জ গঠন করতে হবে। তারপর ২ মাসের মধ্যে সাক্ষীদের বয়ান শেষ করতে হবে। চার্জ গঠন হলেও সাক্ষীদের বয়ান শেষ না হওয়া পর্যন্ত জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তবে একমাসের মধ্যে তাঁর জেলমুক্তির সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থর। মাসখানেকের মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারেন।

২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। সোনাদানাও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে একাধিক মামলায় নাম জড়ায় পার্থর। ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন। এছাড়া নিম্ন আদালত থেকেও কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলাতেই তাঁর জামিন আটকে ছিল। এদিন বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চে শর্তসাপেক্ষে সেই মামলাতেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন মঞ্জুর করল। তিন বছরের বেশি জেলে রয়েছেন পার্থ। বিশেষজ্ঞ মহল বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা। 

Follow Us