Bikash Ranjan Bhattacharya: শুধু অদিতি নয়, আইনজীবী বিকাশ এর আগে তৃণমূল-বিজেপির কোন কোন মক্কেলের মামলা লড়েছেন জানেন?

Bikash Ranjan Bhattacharya Court Case: তৃণমূল কাউন্সিলর দেবরাজ ও তাঁর স্ত্রী অদিতি মুন্সিই প্রথম নন, এর আগেও বিরোধী নেতাদের হয়ে আদালতে সওয়াল করেছেন বিকাশ। অন্য দলের নেতাদের মামলায় সওয়াল করা নিয়ে তাঁর স্পষ্ট জবাব, "অভিযোগ যদি হত বামপন্থী কর্মীদের উপর আক্রমণ হয়েছে, বামপন্থী কর্মীরা খুন হয়েছেন, সেই মামলায় যদি সওয়াল করি, তাহলে আপত্তি উঠত।"

Bikash Ranjan Bhattacharya: শুধু অদিতি নয়, আইনজীবী বিকাশ এর আগে তৃণমূল-বিজেপির কোন কোন মক্কেলের মামলা লড়েছেন জানেন?
বিকাশ ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 24, 2026 | 8:50 AM

কলকাতা: তিনি পেশায় আইনজীবী। তাঁর কাছে যে মামলাই আসুক না কেন, তা গ্রহণ করার অধিকার রয়েছে তাঁর। কিন্তু, গত ২ দিন ধরে একটি মামলায় তাঁর সওয়াল করা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর মামলায় কেন তিনি সওয়াল করছেন, এই প্রশ্ন তুলেছেন তাঁর দলেরই কেউ কেউ। সমালোচনাকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন না আইনজীবী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। এমনকি, তিনি এও জানিয়ে দিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর কাছে এলে তিনি তাঁর হয়ে আদালতে সওয়াল করবেন। তিনি যে রাজনৈতিক রং দেখে মামলা গ্রহণ করেন না, এর আগেও দেখিয়েছেন বিকাশ। বিজেপি নেতা মুকুল রায় ও অর্জুন সিংয়ের হয়ে আদালতে সওয়াল করেছেন। দেখে নেওয়া যাক, মুকুল, অর্জুনদের কোন মামলায় সওয়াল করেছিলেন সিপিএমের আইনজীবী নেতা বিকাশ।

মুকুলের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল বিকাশের-

২০১৯ সাল। একসময়ের তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় তখন বিজেপিতে। ২০১৮ সালে বড়বাজারে এক ব্যক্তির কাছ থেকে ১৯ লাখ টাকা উদ্ধারের ঘটনায় মুকুল রায়কে ডেকে পাঠিয়েছিল পুলিশ। মুকুল তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল বড়বাজার থানা। পুলিশের আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতে মুকুলের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছিল। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল। আর সেখানেই তাঁর হয়ে সওয়াল করেন বিকাশ ভট্টাচার্য। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মুকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দেন।

তৃণমূল নেতা সব্যসাচী দত্তের হয়ে হাইকোর্টের সওয়াল বিকাশের-

২০১৯ সাল। তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তখন বিধাননগর পৌরনিগমের মেয়র। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন কয়েকজন কাউন্সিলর। সেই অনাস্থা প্রস্তাবের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সব্যসাচী। সেই মামলার তাঁর হয়ে সওয়াল করেছিলেন বিকাশবাবু।

অর্জুন সিংয়ের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল বিকাশের-

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর অর্জুন সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন। তাঁর হয়ে সওয়াল করেছিলেন বিকাশবাবু।

ফলে  তৃণমূল কাউন্সিলর দেবরাজ ও তাঁর স্ত্রী অদিতি মুন্সিই প্রথম নন, এর আগেও বিরোধী নেতাদের হয়ে আদালতে সওয়াল করেছেন বিকাশ। অন্য দলের নেতাদের মামলায় সওয়াল করা নিয়ে তাঁর স্পষ্ট জবাব, “অভিযোগ যদি হত বামপন্থী কর্মীদের উপর আক্রমণ হয়েছে, বামপন্থী কর্মীরা খুন হয়েছেন, সেই মামলায় যদি সওয়াল করি, তাহলে আপত্তি উঠত।”

Follow Us