
গড়িয়া: গড়িয়ায় লিভ ইন পার্টনারকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ফেসবুকে অন্য তরুণীদের ফলো ও লাইক করা নিয়েই অশান্তি! ফর্তাবাদে সার্থক খুনে সম্পর্কের টানাপোড়েনের তত্ত্ব। ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অন্য তরুণীদের ফলো করা এবং তাঁদের ছবিতে লাইক দেওয়াকে কেন্দ্র করেই সার্থক ও তাঁর প্রেমিকা সঞ্চালিকা বসুর মধ্যে অশান্তি চলছিল বলে জানাল পুলিশ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিত বড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্চালিকা বসুর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সার্থক সরকারের। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তদন্তকারীদের দাবি, সঞ্চালিকা অত্যন্ত পজেসিভ ছিলেন। সার্থক সোশ্যাল মিডিয়ায় অন্য কোনও তরুণীকে ফলো করলে কিংবা তাঁদের ছবিতে লাইক দিলেই দু’জনের মধ্যে বচসা বাধত। ঘটনার নেপথ্যেও এই ধরনের সম্পর্কজনিত অশান্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনার দিন ফর্তাবাদের ভাড়া ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সার্থককে। তবে ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, গ্রেফতার হওয়ার পরেও সঞ্চালিকা এখনও অপরাধের কথা স্বীকার করেননি বলে দাবি পুলিশের। তদন্তের স্বার্থে তাঁর দাদু ও দিদাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এই ঘটনায় সঞ্চালিকার মা মৌমিতা বসুর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করেছিলেন মৌমিতা। ইতিমধ্যেই তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, সঞ্চালিকা মৌমিতা বসুর নিজের মেয়ে নন, তাঁকে দত্তক নেওয়া হয়েছিল। দত্তক নেওয়ার বিষয়টি এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যও যাচাই করে দেখছেন তদন্তকারীরা।
এখন প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় অন্য তরুণীদের ফলো করা ও লাইক দেওয়া নিয়ে অশান্তিই কি শেষ পর্যন্ত সার্থকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল? নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? সঞ্চালিকা কেন এখনও অপরাধের কথা স্বীকার করছেন না? আর ঘটনার তথ্য আড়াল করার অভিযোগে তাঁর মায়ের ভূমিকাই বা ঠিক কী ছিল?
এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে বারুইপুর পুলিশ জেলা। ময়নাতদন্তের রিপোর্ট এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।