LPG Cylinder Price: মাসের শুরুতেই সুখবর, কমল গ্যাসের দাম

Commercial LPG price cut: এক সময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার নিচে থাকলেও, ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছে যায়। এবার দাম কমতে থাকায় স্বস্তি পাবেন হোটেল, রেস্তোরাঁ মালিকরা।

LPG Cylinder Price: মাসের শুরুতেই সুখবর, কমল গ্যাসের দাম
ফাইল ফোটো

Aug 01, 2026 | 4:51 AM

কলকাতা: এক মাস আগেই কিছুটা স্বস্তি মিলেছিল। ফের হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকদের জন্য সুখবর। দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের। ২০৯ টাকা দাম কমে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২৮৭২ টাকা ৫০ পয়সা। ১ অগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় উপকৃত হবেন হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকরা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রইল।

হরমুজ প্রণালীতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় গত মাসে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছিল ৩০৮১.৫০ টাকা। এই মাসে ফের ২০৯ টাকা দাম কমল। তার আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত বাধার পর এলপিজি সিলিন্ডারের দাম বেশ কয়েকবার বেড়েছিল। কারণ, মধ্য প্রাচ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা পড়ে। আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহে টান পড়ে। ভারতীয় তেল বিপণন সংস্থাগুলির আমদানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এক সময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার নিচে থাকলেও, ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছে যায়। এতে হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং শিল্পের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়। গত মাসে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করার পরই বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কেন্দ্র। এর আগে সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকার দেশীয় তেল শোধনাগারগুলিকে প্রোপেন ও বিউটেনের ব্যবহার বাড়িয়ে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছিল।

বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও এই মাসে গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা-ই রইল। গত মাসেও গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই ছিল।

হোটেল, রেস্তরাঁয় খাবার খরচ কমবে?

মে মাসের শুরুতে একধাক্কায় বাণিজ্যিকি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় হাজার টাকা বেড়েছিল। গত কয়েকমাসে ধারাবাহিকভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে অনেক হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানে খাবারের দাম বেড়েছে। এখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরপর ২ বার কমায় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন। এখন তাঁরা খাবারের দাম কমান কি না, সেটাই দেখার।

Loading...
Unable to load recommendations.
Follow Us