
কলকাতা: খামেনেইর মৃত্যুতে ফুঁসছে ইরান। তেহেরানের রোষে ছাড়খার পশ্চিম এশিয়া। একের পর এক মার্কিন দূতাবাস, সেনা সদরে আক্রমণ চলছেই। ইরানে হামলার পরই প্রত্যাঘাতে কাতার, কুয়েত, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা করা হয়েছে। মিসাইল হামলা থেকে বাদ যায়নি দুবাই। দোহা ও দুবাই বিমানবন্দরেও শয়ে শয়ে বিমান ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। আটকে বহু ভারতীয়। সদ্য দুবাইয়ে গিয়েছিলেন নাকতলার ব্যাবসায়ী আশিস পণ্ডিত। সেখান থেকেই সরাসরি কথা বললেন টিভি ৯ বাংলার সঙ্গে। ঘুরে দেখালেন বর্তমান দুবাইয়ের পরিস্থিতি।
সঙ্কটকালে হোটেলের হোটেলের ভাড়াও চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। আগের থেকে এখন তো ভাড়া প্রায় তিনগুণ পর্যন্ত বেড়ে গিয়েছে কোনও কোনও হোটেলে। করোনার পর থেকে দুবাইতে ব্যাবসা লাভজনক হওয়ার জন্য অনেক ব্যাবসায়ীরই দুবাইয়ে নজর থাকত। কিন্তু বর্তমানে এই পরিস্থিতির জেরে আগামী বেশ কিছু বছর ব্যবসা আর চাঙ্গা হবে না বলে মনে করছেন আশিসবাবু।
মাঝে মাঝেই দিকে দিকে আগুন জ্বলছে, বিক্ষোভ হচ্ছে। সর্বত্রই আতঙ্কের আবহ বলে জানাচ্ছেন কলকাতার ওই ব্যাবসায়ী। এদিকে কলকাতায় রয়েছেন তাঁর স্ত্রী মিনু পণ্ডিত, মেয়ে বিনিতা পণ্ডিত। চরম উৎকণ্ঠার আবহ গোটা পরিবারেই। বুধবার গিয়ে রবিবার কলকাতায় পা রাখার কথা থাকলেও এখন তাঁর দেশে ফেরা কবে হবে সেই উত্তর নেই কারও কাছেই।
এদিকে ইতিমধ্যেই আবার পশ্চিম এশিয়ার ১১টি দেশকে হাই রিস্ক জ়োন ঘোষণা করে আগের সব ফ্লাইটের রুট বদলের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। নোটাম থাকার কারণে এই দেশের আকাশসীমা এড়িয়ে বিমানের রুট বদলে ফেলতে বলা হয়েছে। সঙ্কটজনক পরিস্থিতিতে দুবাইতে গিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। সঙ্গে রয়েছে ছেলে ইউভান।