
কলকাতা: বিতর্কিত ভিডিয়ো প্রসঙ্গে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি। রবিবার দলের মুখপাত্র কামাল হোসেন সাংবাদিক বৈঠক করেন। তাতে তিনি স্পষ্ট করেন, “যে ভিডিয়ো নিয়ে তোলপাড় হয়েছে, সেই ভিডিয়ো সম্পূর্ণ অংশটি প্রকাশ্যে আনা হবে খুব তাড়াতাড়ি।” তাঁর বক্তব্য, “ভিডিয়োটি কেটে কেটে এডিট করে, পোস্ট করে হুমায়ুন কবীরকে হেনস্থা করা হয়েছে।”
ভিডিওটি সেন্ট্রাল ফরেন্সিকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এই নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন কামাল হোসেন। তাঁর দাবি, এই ভিডিয়োটা ২০২৫ সালের ১৯ ডিসেম্বর। ৮ই এপ্রিল পোস্ট হয়েছে। কিন্তু কেন এতদিন পরে পোস্ট করা হল, তার অভিসন্ধী নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, যে আইডি থেকে পোস্ট হয়েছে, সেটি নিয়ে ইতিমধ্যে কমিশন-সহ একাধিক জায়গায় জানানো হয়েছে।
তিনি বলেন, “যেদিন ভিডিয়ো শুট হয়েছে, তখন কেন তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে আনল না? হুমায়ুন কবীর তৃণমূলের ঘুম উড়িয়ে দিয়েছে। তাই এসব করছে তৃণমূল।”
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে এই স্টিং অপারেশন হুমায়ুন কবীরকে যথেষ্টই অস্বস্তিতে ফেলেছে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করা করেনি TV9 বাংলা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হুমায়ুনের কথোপকথনের মধ্যে স্পষ্ট, বিজেপি নেতাদের সঙ্গে তাঁর যোগ রয়েছে। নীতীশ কুমারের মতো ১০০০ কোটি টাকার মধ্যে ৩০০ কোটি নিজে রেখে দেবেন বলতেও শোনা যায় তাঁকে। খোদ শুভেন্দু অধিকারী তাঁকে দিল্লি যাওয়ার প্রস্তাব দেন বলেও শোনা যায়। তবে হুমায়ুন কবীর নিজে এই ভিডিয়োর সত্যতা অস্বীকার করেছেন।