DG-WB Police: সরানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকেই, রাজ্যের নতুন DG সেই বিবেক সহায়

DG-West Bengal: সোমবার নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, রাজীব কুমারকে ‘নন ইলেকশন রিলেটেড পোস্ট’ অর্থাৎ ভোটের সঙ্গে যুক্ত থাকে না এমন কোনও পোস্টে পাঠাতে বলা হয়েছে।

DG-WB Police: সরানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকেই, রাজ্যের নতুন DG সেই বিবেক সহায়
বিবেক সহায় (ফাইল ছবি)

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 18, 2024 | 5:16 PM

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল রাজ্য পুলিশে।  পুলিশের ‘ডিরেক্টর জেনারেল’ হিসেবে দায়িত্ব পেলেন আইপিএস বিবেক সহায়। এই ডিজি পদে ছিলেন আইপিএস রাজীব কুমার। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারকে সরানোর নির্দেশ দেওয়া হয়। কমিশনের তরফে বলা হয়েছিল, রাজ্যকে বিকেল ৫টার মধ্যে তিনটি নাম পাঠাতে হবে। বিকেল ৫ টার আগেই ঘোষণা হল নতুন ডিজি-র নাম।

রাজ্য সরকারের তরফ থেকে কার কার নাম ডিজি পদের জন্য পাঠানো হয়েছল, তা উল্লেখ করা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে। সেই তালিকায় সবার ওপরেই ছিল বিবেক সহায়ের নাম। তিনি ছিলেন হোম গার্ডের ডিজি পদে। এছাড়াও নাম ছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় ও আইপিএস রাজেশ কুমারের। কমিশন বিবেক সহায়ের নামই শিলমোহর দেয়।

অন্যদিকে, রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও প্রযুক্তি দফতরে। অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কাজ করবেন তিনি।

উল্লেখ্য, একসময় রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিরেক্টর অব সিকিউরিটি পদে ছিলেন বিবেক সহায়। ২০২২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিবেক সহায়কে।

ওই সময় নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে লোহার রড হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন হাফিজুল মোল্লা নামে এক যুবক। পরে সেই ব্যক্তিকে আটক করেছিল কালীঘাট থানার পুলিশ। ওই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয় প্রশ্ন ওঠে। এরপরই বিবেক সহায়কে ডেকে অসন্তোষের কথা জানিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এবাক লোকসভা নির্বাচনের মুখে ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সেই বিবেক সহায়।

Follow Us