
কলকাতা: মার্চেই বইতে পারে লু। কয়েকদিন আগেই আশঙ্কার কথা শুনিয়েছিল আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাসই যেন সত্যি করে মার্চের শুরু থেকেই হু হু করে চড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়বে। তবে তারপর থেকে আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। এমনকী বর্তমানে বৃষ্টির পূর্বাভাস নেই। মোটের উপর আকাশ পরিষ্কার থাকছে। শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আবহাওয়াবিদরা বলছেন, জেলার দিকে খুব সকাল এবং সন্ধ্যায় মোটের উপর মনোরম আবহাওয়াই থাকবে। কিন্তু, বেলা বাড়তেই দাপট বাড়বে উষ্ণতার দাপট। রাতের দিকে সামান্য অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। স্বাভাবিকের উপরেই থাকবে পারদ। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪৩ থেকে ৯৬ শতাংশের মধ্যে। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকতে পারে।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে থাকছে বৃষ্টির পূর্বাভাস। রবিবারই দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সোমবার থেকেই আবার আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পরিষ্কার আকাশই থাকবে দিনভর। পার্বত্য এলাকায় দু’এক জায়গায় কুয়াশা-ধোঁয়াশার খেলা দেখা যেতে পারে। তবে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হচ্ছে না।