
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) দেওয়াল সংঘাত এখনও অব্যাহত। এবার ক্যাম্পাসে দেওয়াল লিখন এবিভিপির (ABVP)। বামেদের আজ়াদির জবাবে লেখা হল ফ্রি পিওকে(Free POK) স্লোগান। সম্প্রতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনও স্লোগান বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই দেওয়ালের সব গ্রাফিটি, লেখা মুছে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। কিন্তু, আবারও বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়াল স্লোগানে ভরিয়ে দেয় এসএফআই। এবার ময়দানে এবিভিপি নামতেই নতুন করে শুরু হল স্লোগান যুদ্ধ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে এসএফআই-এর বেশ কিছু স্লোগানে ফের সাদা চুনকাম করা হয়েছে। তার উপরই নতুন করে স্লোগান লিখেছে এবিভিপি। কোথাও লেখা ‘ফ্রি পিওকে’, কোথাও লেখা ‘পিওকে নিয়ে কেন মৌনতা?’ কোথাও আবার ‘অখণ্ড ভারত’, ‘ফ্রি আকসাই চিন’, ও ‘লং লিভ এবিভিপি’। নতুন করে স্লোগান যুদ্ধ শুরু হতেই ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুরের ছাত্র রাজনীতি।
এবিভিপি-র এক ছাত্র নেতা বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফ্রি পিওকে, অখণ্ড ভারত ও ফ্রি আকসাই চিন-এর সমর্থনে দেওয়াল লেখা হয়েছে। এটা জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের পক্ষে অনেক বড় ইঙ্গিত বহন করে। যে বিশ্ববিদ্যালয়ে একসময় ‘ফ্রি প্যালেস্টাইন’-এ দেওয়াল লেখা হতো, সেখানে ফ্রি পিওকে লেখা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র কাজ বাড়ছে। যাদবপুরে জাতীয়তাবাদী ছাত্র-ছাত্রীরা এবিভিপি-র সঙ্গে যুক্ত হচ্ছে এবং যাদবপুরের মাটিতে বন্দেমাতরম ধ্বনিকে পবিত্র করে তুলছে।”
এবিভিপি-র দেওয়াল লিখন নিয়ে এসএফআই নেতা শুভজিৎ সরকার বলেন, “এটা তো ভালো। যার যেটা মত, সেটা লিখতে পারবে। আমরা যে এবিভিপি-কে লেখাপড়ার মধ্যে নিয়ে এলাম, এটা তো আমাদের নৈতিক জয়। আগামি দিনে ডিবেট হবে, লড়াই হবে। কিন্তু দেওয়াল মোঝা যাবে না। আমরা আমাদের দেওয়ালে লিখব, ওরা ওদের দেওয়ালে লিখবে। কোনও তো অসুবিধা নেই। আমরাও তো চাইছি ফ্রি পিওকে।”