
কলকাতা: ট্রাইব্যুনালের কাজে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এসআইআরে (SIR) বাদ যাওয়ার নামের নিষ্পত্তি করছে ট্রাইব্যুনাল। মোট ১৯টি ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, যেগুলির মাথায় আছেন প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন প্রধান বিচারপতিরা। একটি ট্রাইব্যুনালের মাথায় ছিলেন শিবজ্ঞানম। এবার তিনি ইস্তফা দিলেন।
জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই ট্রাইব্যুনাল ছেড়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। পারিবারিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। গত ৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ করেছেন তিনি। মোট ১৭৭৭ জন ভোটারের নিষ্পত্তি করেছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে, যে কয়েকজনের আলাদাভাবে নিষ্পত্তি করা হয়, সেগুলিও করেছিলেন হাইকোর্টের এই প্রাক্তন প্রধান বিচারপতি। আপাতত ট্রাইব্যুনালের কাজ চলছে, তবে ভোটের পর নতুন করে কতজনের নামের নিষ্পত্তি হল, সেই সংখ্যা সামনে আসেনি।
সুপ্রিম কোর্ট গত ১০ মার্চ এই নির্দেশ দেয়। ট্রাইব্যুনাল গঠন হয় ২০ মার্চ। কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে। কলকাতা হাইকোর্টের ১৯ জন অবসারপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয়। কলকাতার জোকায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে ট্রাইব্যুনাল বসছে। অনলাইনে বা অফলাইনে আবেদন করা যাচ্ছে ট্রাইব্যুনালে।