Suvendu Adhikari: বড় ঘোষণা, কন্যা-রত্ন প্রকল্পে এবার দ্বিগুণ অনুদান দেবে রাজ্য সরকার, চালু হল ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’

Kanya Ratna Scheme: শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে কন্যা-রত্ন দিবস পালন করে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী মালতী রাভা-সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শুভেন্দু বলেন, "বিদ্যাসাগর মহাশয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারী শিক্ষার ক্ষমতায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।"

Suvendu Adhikari: বড় ঘোষণা, কন্যা-রত্ন প্রকল্পে এবার দ্বিগুণ অনুদান দেবে রাজ্য সরকার, চালু হল বেটি বাঁচাও, বেটি পড়াও
শুভেন্দু অধিকারীImage Credit source: PTI

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 14, 2026 | 4:41 PM

কলকাতা: কন্যা-রত্ন প্রকল্পে আর্থিক অনুদান বাড়াল রাজ্য। তৃণমূল সরকারের আমলে এক হাজার টাকা দেওয়া হত ছাত্রীদের। এবার তা বাড়িয়ে দুই হাজার করা হল। তবে, আগামী শিক্ষাবর্ষ থেকে এই অনুদান মিলবে। আজ, ১৪ অগস্ট কন্যা-রত্ন (Kanya-Ratna) দিবসে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একইসঙ্গে, এদিন রাজ্যে মেয়েদের জন্য ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-সহ একাধিক প্রকল্প চালু করা হয়েছে।

বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের সূচনা

শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে কন্যা-রত্ন দিবস পালন করে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী মালতী রাভা-সহ বিশিষ্টরা। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শুভেন্দু বলেন, “বিদ্যাসাগর মহাশয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারী শিক্ষার ক্ষমতায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের ৮ মাসের বাজেট কর্ম সংস্থানের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া থেকে শুরু করে, নারী শিক্ষা, মহিলা কলেজ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়,মহাবিদ্যালয়, কোনও ছাত্রী যাতে মাঝপথে পড়াশোনা না ছেড়ে যেতে পারেন, তার জন্য সমস্ত আর্থিক ব্যবস্থা রাখা হয়েছে।”

কী কী সুবিধা পাবেন ছাত্রীরা?

বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”বেটি বাঁচাও, বেটি পড়াও সমস্ত রাজ্যে এই কর্মসূচি থাকলেও আমাদের রাজ্য এতদিন যুক্ত হয়নি। আমরা এবার যুক্ত হলাম। কন্যাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। আমাদের ছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে, সমাজকে শক্ত পোক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিক।”

শুভেন্দুর কথায়, “কন্যারা আগামী দিনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা নিক, আমরা এটাই চাইব।” এরপরই তিনি জানান, বিগত সরকারের যে কর্মসূচি ছিল, ছাত্রীদের অর্থপ্রদান, এবার সমপরিমাণ দেওয়া হচ্ছে। এবার পাচ্ছে ২০ লক্ষের বেশি। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করে আজ ১০ লক্ষের বেশি  দেওয়া হচ্ছে। ৪০০ কোটি বরাদ্দ করা হয়েছে।”

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে। ৬০ শতাংশের বেশি নম্বর যাঁরা পাবেন, তাঁদের জন্য বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু রাখা হয়েছে। সঙ্গে নতুন স্কিম আনা হয়েছে বিবেকানন্দর নামে। বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে বা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দের নামে ১০০ কোটির তহবিল করা হয়েছে।”

কন্যা-রত্ন প্রকল্পে অনুদান

শুভেন্দু অধিকারী বলেন, “যে এক হাজার টাকা আমাদের কন্যারা গ্রান্টটা পাচ্ছেন, পরের শিক্ষাবর্ষ, ২০২৭ সাল থেকে এই অর্থ দ্বিগুণ করে দেওয়া হবে। অর্থাৎ বছরে ২০০০টাকা করে দেওয়া হবে।” উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে, ১৩ বছরের পর থেকেই বছরে ১ হাজার টাকা এবং ১৮ বছরের পরে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হত। চলতি বছর একই হারে অনুদান দেওয়া হলেও পরের শিক্ষাবর্ষ থেকে বাড়ানো হবে অর্থ।

আর কী কী চালু হল?

মহিলাদের জন্য চালু হল নতুন ১৮১ হেল্পলাইন নম্বর।কর্মরত মায়েদের সন্তানদের জন্য নতুন ‘PALNA’ ক্রেশ প্রকল্পেরও সূচনা হয়েছে। এদিনের অনুষ্ঠানে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১,৬০০ ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্রীদের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Loading...
Unable to load recommendations.
Follow Us