Sabyasachi Dutta: শাঁখা বাঁধানো থেকে চওড়া হার-চূড়, কী নেই! সব্যসাচীর ‘বান্ধবী’ টিনার বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা

Gold Recovered: গত ৮ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। আজ, মঙ্গলবার তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আর এরই মধ্য়ে নতুন তথ্য সামনে এল। জানা গিয়েছে, সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট ও করিমপুরে তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ।

Sabyasachi Dutta: শাঁখা বাঁধানো থেকে চওড়া হার-চূড়, কী নেই! সব্যসাচীর বান্ধবী টিনার বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা
সব্যসাচী দত্ত ও টিনা ভৌমিক সাহাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 23, 2026 | 9:52 AM

কলকাতা: কেউ তোলাবাজির জন্য গ্রেফতার, কেউ শ্লীলতাহানির মামলায়। এমনিতেই তৃণমূলের বিড়ম্বনার শেষ নেই। তার মধ্যেই সামনে এলে কেজি কেজি সোনার ছবি। রাতভর তল্লাশি চালিয়ে তৃণমূল নেত্রীর বাড়ি থেকে তিন কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্য়েই সামনে এসেছে উদ্ধার হওয়া সোনার ছবি। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারপার্সন সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta) বিরুদ্ধে তদন্ত চালাতে গিয়েই উদ্ধার হয়েছে সেই সোনা।

কেন নজরে টিনা?

গত ৮ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত। আজ, মঙ্গলবার তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আর এরই মধ্য়ে নতুন তথ্য সামনে এল। জানা গিয়েছে, সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট ও করিমপুরে তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। তল্লাশি চলে তৃণমূল নেত্রী তথা সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি ও শ্বশুর বাড়িতে।

পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে যে সব্যসাচীর টাকাতেই ওই সোনা কিনে রাখা ছিল টিনার বাড়িতে। জিজ্ঞাসাবাদে এই তথ্য জানতে পেরেই সব্যসাচীকে নিয়ে তল্লাশি চালানো হয়। টিনার দুই বাড়ি থেকে তিন কেজি অর্থাৎ ৪ কোটি টাকা বেশি মূল্যের সোনা উদ্ধার করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, চওড়া হার, চুড়ি, লকেট, চূড় সবই রয়েছে।

এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু জমির কাগজপত্র। বৃহস্পতিবার টিনাকে বিধাননগর থানায় সশরীরে হাজিরার নোটিস দেওয়া হয়।

কে এই টিনা?

নদিয়া জেলা পরিষদের সদস্য এই টিনা সাহা ভৌমিক। এছাড়া নদিয়া জেলায় তৃণমূলের বঙ্গজননীর সভানেত্রী ছিলেন তিনি। সব্যসাচীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যায়। বিধায়ক তাপস সাহার সঙ্গে টিনার দ্বন্দ্ব ছিল বলেও চর্চা রয়েছে। বিধায়কের অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগে বেশ কয়েকজনকে চাকরি দিয়েছিলেন এই টিনা।

কী বলছেন টিনা?

তৃণমূল নেত্রীর দাবি, রাজনৈতিক কারণে এই ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিক সম্পর্ক ছাড়া সব্যসাচী দত্তর সঙ্গে তাঁদের আর কোনও সম্পর্ক নেই। ২০২৫ সালে পরিচয় বলে জানান টিনা। বার চারেক বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন সব্যসাচী দত্ত। টিনার অভিযোগ, তাঁর মা, ভাইয়ের স্ত্রী সহ পরিবারের সাত মহিলার সব গয়না বাজেয়াপ্ত করেছে। তিনি আইনি পথে হাঁটবেন।

উল্লেখ্য, দিনকয়েক আগেই ধৃত সব্যসাচীর বাড়ি থেকে ৫০ কেজি সোনা কেনার রশিদ মিলেছে। তারপরই শুরু হয় তল্লাশি।

সুজয় পাল, রঞ্জিৎ ধর ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট

Follow Us