
কলকাতা: শীতের আমেজ ঠিকমতো উপভোগ করতে না করতেই বাংলার মানুষের জন্য খারাপ খবর। সবে শীতের মরসুম (Winter) শুরু হয়েছে। একটু একটু করে নামতে শুরু করেছে তাপমাত্রা (Temperature)। এরই মধ্যে হাজির নতুন ফাঁড়া। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। ডিসেম্বরের শুরুতেই ফের ধাক্কা খেতে পারে শীত।
উত্তুরে হাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে বাংলায়। বইছে উত্তর ও উত্তর-পূর্ব দিকের বাতাস। তবে আগামী দু’দিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘন্টায় সামান্য বেড়ে ১৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। আগামী সাতদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আগামিকাল ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় তৈরি হবে ঘূর্ণাবর্ত। কেরলম এবং গুজরাটে আরও দুটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২ ডিসেম্বর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাংলায় নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা এখনও নেই।
তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দু’দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। আজ সব জেলায় শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।
রিপোর্ট- কমলেশ চৌধুরী ও সৌভিক মজুমদার