
কলকাতা: রাস্তার পর এবার মেট্রো স্টেশনের নাম বদল? বদলে যাবে মহানায়ক উত্তম কুমার বা নেতাজির নামাঙ্কিত নামে মেট্রো স্টেশনের নাম? জোর জল্পনা এই নিয়ে। কেন হঠাৎ মেট্রো স্টেশনের নাম বদলের কথা হচ্ছে?
ব্যক্তির নামে মেট্রো স্টেশনের নাম নিয়ে আপত্তি, তাই মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব দিতে চলেছেন তথাগত রায়। প্রবীণ বিজেপি নেতা সরকারি কমিটির কাছে এই প্রস্তাব জমা দেবেন বলেই সূত্রের খবর।
মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের নাম বদলে টালিগঞ্জ নামেই ফিরতে পারে। একইসঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়, জ্যোতিরিন্দ্র নন্দীর নামে স্টেশনের নামও পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হবে। এই স্টেশনগুলির নাম পরিবর্তন হয়ে ওই এলাকার নামেই দেওয়া হবে স্টেশনের নাম, এমনটাই পরিকল্পনা।
একইসঙ্গে ভবানীপুর মেট্রো স্টেশনের নামও নেতাজি ভবন করা নিয়ে আপত্তি রয়েছে তথাগত রায়ের। তাঁর যুক্তি, এই স্টেশন থেকে নেতাজি ভবন অনেকটা দূরে। তাই নেতাজি ভবনের নামও বদল করার প্রস্তাব দেবেন তিনি।
এর পাশাপাশি আপত্তি জানানো হয়েছে বেলেঘাটা মেট্রো স্টেশনের নামকরণ নিয়ে। এর কারণ, মূল বেলেঘাটা অঞ্চল যেখানে, সেখান থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন অনেক দূরে। এমনকী, নাম পরিবর্তন হতে পারে স্বপ্ন ভোর মেট্রো স্টেশনেরও। এই স্টেশনের নামও এলাকার নামেই রাখা হতে পারে।
নতুন সরকার আসার পরই সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে রাখা হয়েছে গোপাল মুখার্জি রোড (Gopal Mukherjee Road)। তথাগত রায় লেনিন সরণীর নাম পরিবর্তন করার প্রস্তাব দেবেন বলে জানা গিয়েছে। লেনিন নামাঙ্কিত রাস্তার নাম বদলে দেবপ্রসাদ ঘোষের নামে রাস্তার নাম করার প্রস্তাব দিতে চলেছেন তিনি। পাশাপাশি কার্ল মার্কস সরণির নাম বদলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্তের নামে করা হতে পারে। হো-চি-মিন সরণির নাম বদলে হতে পারে মার্টিন লুথার কিং। এমনটাই শোনা যাচ্ছে।