
কলকাতা: তারাতলা বিপর্যয়ে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। একইসঙ্গে প্রশ্ন তুললেন, মুখ্যমন্ত্রী কেন শুধু অভিযোগ করছেন, কেন গ্রেফতার করা হচ্ছে না? সত্যিই যদি অপরাধ থাকে, তাহলে তাঁদের হেফাজতে নিতে হবে। সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন কুণাল। উল্লেখ্য, আজ তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় ফিরহাদের (Firhad Hakim) বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। ভরা বিধানসভায় কাগজ দেখিয়ে বলেন, “প্রাক্তন মেয়র জড়িত।” শুভেন্দুর এই বিবৃতির পরই কুণাল এবার ফিরহাদ হাকিমের (Kunal on Firhad Hakim) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি তুললেন।
মদন মিত্রকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি দিয়েছেন, তার সমর্থন করছি। তদন্তে যাঁদের যাঁদের নাম বলেছেন, যদি সত্যি তাঁরা জড়িত বলে অভিযোগ থাকে বা তাঁদের দায় থাকে, তাহলে তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক। অবৈধ নির্মাণ প্ল্যান নিয়ে যে অভিযোগগুলি উঠছে, সেটা ঠিক কি না তো জানা নেই। কিন্তু, মুখ্যমন্ত্রী যখন গুরুত্বের সঙ্গে বিধানসভায় যে বিবৃতি দিয়েছেন, তাকে মানত্য দিয়েই বিবেচনা করব। যদি, প্রাক্তন মেয়ারের কোনও দায় থাকে তাহলে গ্রেফতার করা হোক।”
কুণাল অবশ্য এও জানান, অপরাধ যদি না থাকে, তাহলে বিধানসভায় নাম তুলে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিবৃতিও ঠিক নয়। তাঁর কথায়, “কাগজে অনেক রকম সই করতে হয় । সবটা তো জানা সম্ভব নয়। আমি কাউকে ডিফেন্ড করছি না।” তবে, কুণাল মনে করেন, মুখ্যমন্ত্রী যখন কাগজ দেখিয়েছেন, তখন তার গুরুত্ব রয়েছে। সেখানেই তাঁর প্রশ্ন গ্রেফতার কেন করা হচ্ছে না? এখানেই আরও একটা যুক্তি দিয়েছেন কুণাল। তাঁর প্রশ্ন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সবাই নতুন তৃণমূলে গিয়েছেন। সেকারণেই কি গ্রেফতার করা হচ্ছে না?
একইসঙ্গে কুণালের দাবি, “কালীকে অপসারণের জন্য ক্যামাক স্ট্রিট উদ্যোগ নিয়েছিল । তাঁকে ক্যমাক স্ট্রিট সমর্থন করে না । এটা তথ্যে ভুল আছে। কালী শুনেছি কার্য নির্বাহী মেয়র। সবাই তেল দিয়ে চলত। ওর কান টানুন। মাথা আসবে।”
উল্লেখ্য, তারাতলার ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। বিধানসভায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে বিধানসভায় একটি নথি দেখান। সেটি ওই গোডাউনের বিল্ডিংয়ের প্ল্যান। শুভেন্দু বলেন, “দেখুন এতে সই রয়েছে প্রাক্তন মেয়রের।” মুখ্য়মন্ত্রী বলেন, “প্রাক্তন মেয়র জড়িত। দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন কীভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থাতেও প্ল্যান অ্যাপ্রুভ করেছেন।”