
কলকাতা: দিল্লিতে কারা মমতা শিবির ছেড়েছেন, কারা এখনও আছেন, তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে। জল্পনার মাঝেই বৃহস্পতিবার বিমানবন্দরের একটি ছবিতে দেখা গিয়েছে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে। মুখে মাস্ক। কোনও কথা না বলে সোজা গাড়িতে উঠে গেলেন তিনি। সায়নীর পাশাপাশি দক্ষিণ কলকাতার মালা রায়কে নিয়েও জল্পনা বেড়েছে। তবে, মালা রায়ের শিবির বদল মেনে নিতে পারছেন না কুণাল ঘোষ।
কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, ২০ জন সাংসদের সই নিয়ে স্পিকারের কাছে জমা দিয়েছেন তিনি। তার মধ্যে সায়নী ঘোষ ও মালা রায়ের নাম আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বুধবার রাতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক হয়েছে, সেখানে ওই দুই সাংসদ ছিলেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
এই আবহে এদিনের ছবি দেখে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আগে চেক করুন, ওটা আজকের ছবি কি না। উনি এমন কী করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করতে হবে। একটা গোপন গোপন ব্যাপার কেন? হয় দলে আছেন, নাহলে ভয়ঙ্কর বিপ্লবী। তার মাঝে তো কিছু নয়।”
এদিকে, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সম্পর্কে কুণাল বলেন, “মালা দি-কে শ্রদ্ধা করি। তিনি অসুস্থ। ভালো করে হাঁটতে পারেন না, পায়ে প্রচণ্ড ব্যাথা। তারপরও দল তাঁকে সময়, সুযোগ দিয়ে সাংসদ করেছে। পুরনিগমের চেয়ারপার্সনও তিনি। তাঁদেরও যদি মনে হয় শিবির বদল করতে হবে, তা অত্যন্ত দুঃখের।”