বুলডোজ়ার কিনতে চান? দাম কত জানেন!

Bulldozer Price: উনিশ শতকের শেষভাগে আবার এর প্রয়োগ ছিল খানিক ভিন্ন। 'বুল' শব্দের অর্থ ধরা হতো বড় বা শক্তিশালী, 'ডোজ' শব্দটির অর্থ ছিল ধমক দেওয়া। কঠোর শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই শব্দের প্রয়োগ করা হতো। ভারী মাত্রার ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও 'টু ডোজ' বলা হতো।

বুলডোজ়ার কিনতে চান? দাম কত জানেন!
কতরকমের বুলডোজ়ার রয়েছে? Image Credit source: Getty Images

May 20, 2026 | 5:23 PM

তিলজলা থেকে হাওড়া-শিয়ালদহ, পরিবর্তনের বাংলায় এখন বাজার কাঁপাচ্ছে একটাই নাম– বুলডোজ়ার। হিন্দোল নাগরিক মহল থেকে রাজনৈতিক মহলেও। ইতিমধ্যেই এক বুলডোজ়ার অর্ডার দিয়েছেন এক বিজেপি সাংসদ। কিন্তু একটা বুলডোজ়ারের দাম কত বলুন তো? কোথা থেকেই বা এল এই নাম? তথ্য তলাশ করলে দেখা যাচ্ছে ‘বুলডোজার’ শব্দটির নামকরণ ও আধুনিক ব্যবহারের পিছনে একটি গভীর আক্ষরিক ও মনস্তাত্ত্বিক অর্থ রয়েছে। আক্ষরিক অর্থে ‘বুল’ (Bull) এবং ‘ডোজ’ (Doze) এই দুটি শব্দের সংমিশ্রনে তৈরি হয়েছে বুলডোজ়ার। সোজা কথায় ষাঁড়ের মতো প্রবল শক্তি নিয়ে কোনও কিছুর উপর দিয়ে এগিয়ে যাওয়াকেই মূলত ‘বুলডোজ়’ করা বলে।

রয়েছে রাজনৈতিক তাৎপর্য 

উনিশ শতকের শেষভাগে আবার এর প্রয়োগ ছিল খানিক ভিন্ন। ‘বুল’ শব্দের অর্থ ধরা হতো বড় বা শক্তিশালী, ‘ডোজ’ শব্দটির অর্থ ছিল ধমক দেওয়া। কঠোর শাস্তি দেওয়ার ক্ষেত্রে এই শব্দের প্রয়োগ করা হতো। ভারী মাত্রার ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও ‘টু ডোজ’ বলা হতো। এছাড়া, সে যুগে আমেরিকা ও ইউরোপে গবাদি পশুদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ‘বুলহুইপ’ নামের চাবুক ব্যবহার করা হতো। পরবর্তীতে কোনও বাধাকে বলপূর্বক সরিয়ে ফেলাকে ‘বুলডোজ’ করা বলা হতো। ১৯৮০-র সময়কালে রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপটে কঠোর বলপ্রয়োগের মাধ্যমকে বোঝাতে ‘বুলডোজ’ শব্দটি প্রচলিত ছিল। যেমন আইনসভায় কোনও বিল পাস করানোর জন্য জোর খাটানোকে ‘বুলডোজ’ বলা হতো। 

বর্তমানে বুলডোজ়ার নির্মাণ কাজে ব্যবহৃত বিশ্বের অন্যতম শক্তিশালী যান। সামনের প্রশস্ত ধাতব ফলক বা ব্লেডের সাহায্যে মাটি, পাথর, ইট-পাথর ও বিভিন্ন ধ্বংসাবশেষ ঠেলে সরিয়ে জমি সমান করাতেই সবথেকে বেশি এর ব্যবহার হয়। শুধু নির্মাণ কাজই নয়, বরং বিভিন্ন অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও আজকাল এর ব্যাপক ব্যবহার দেখা যায়। 

দাম কত? 

ভারতে বুলডোজারের দাম সাধারণত ১৫ লক্ষ টাকা থেকে শুরু করে আড়াই কোটি টাকা বা তার বেশিও হতে পারে। এই দাম মূলত যন্ত্রের ধরন, ইঞ্জিন পাওয়ার, ব্র্যান্ড এবং আকারের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। বাজারে রয়েছে মিনি বুলডোজার। এগুলো আকারে অনেকটাই ছোট হয়। বাজারমূল্য সাধারণত ১৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এরপরেই রয়েছে ক্রলার বা স্ট্যান্ডার্ড বুলডোজার। এগুলোর দাম ৩০ লক্ষ টাকা থেকে দেড় কোটি টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও রয়েছে রয়েছে জেসিবি ও সাধারণ লোডার-ব্যাকহো। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল JCB 3DX। এছাড়াও রয়েছে CAT (Caterpillar), Komatsu, BEML, LiuGong-র বিভিন্ন মডেল। তবে ব্যক্তিগতভাবে কিনতে গেলে অবশ্যই দিতে হবে পরিচয়পত্রের প্রমাণ। লাগবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি বা পাসপোর্ট।

অন্যদিকে ঠিকানার প্রমাণপত্র হিসাবে লাগবে সাম্প্রতিক বিদ্যুৎ বিল, টেলিফোন বিল। কোম্পানি বা ফার্মের ক্ষেত্রেও ট্রেড লাইসেন্স, জিএসটি (GST) রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং পার্টনারশিপ ডিড বা ইনকর্পোরেশন সার্টিফিকেট লাগবে।

Follow Us