Luxury bus service: ‘এতদিন শুধু দেখছি, দেখব ছিল’, পালাবদল হতেই কলকাতা থেকে দেশের ৪ শহরে শুরু বাস পরিষেবা, জেনে নিন ভাড়া

Kolkata luxury bus service: শমীক ভট্টাচার্য বলেন, "বর্তমান সরকার জীবনের সর্বস্তরে একটা আধুনিকতার ছোঁয়া আনতে চাইছে। যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনতে চাইছে। শুধুমাত্র সরকারি বাস দিয়ে সামগ্রিকভাবে তো পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমরা যেমন পিপিপি মডেল স্বাগত জানাচ্ছি। একইরকমভাবে, বেসরকারি সংস্থাগুলির উপর থেকে জুলুমবাজি বন্ধ করে তাদের লাইসেন্স, পারমিট পাওয়ার প্রক্রিয়া অনেক সরলীকরণের চেষ্টা করছি। আজকে প্যান ইন্ডিয়ায় এই প্রচেষ্টা আমাদের রাজ্যের এক উদ্যোগপতি নিয়েছেন।"

Luxury bus service: এতদিন শুধু দেখছি, দেখব ছিল, পালাবদল হতেই কলকাতা থেকে দেশের ৪ শহরে শুরু বাস পরিষেবা, জেনে নিন ভাড়া
নতুন বাস পরিষেবা শুরুImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 15, 2026 | 4:10 PM

কলকাতা: চেষ্টাটা গত কয়েক বছর ধরেই চলছিল। কিন্তু, অনুমতি পাওয়া যাচ্ছিল না। অভিযোগ, ‘দেখছি, দেখব’ বলে ঘোরানো হচ্ছিল। রাজ্যে পালাবদল হতেই বদলে গেল পরিস্থিতি। নতুন সরকারের ২ মাস পূর্ণ হতে না হতেই কলকাতা থেকে দেশের চারটি গুরুত্বপূর্ণ শহরে শুরু হল বাস পরিষেবা। দেশের চার বড় শহরে ছুটবে একটি বেসরকারি সংস্থার আরামদায়ক বিলাসবহুল সুলভ মূল্যের বাস।

এবার আর শুধু ট্রেন কিংবা বিমানের উপর নির্ভর করতে হবে না। কলকাতা থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে সরাসরি বিলাসবহুল বাস পরিষেবা চালু হল। পাশাপাশি ভলভো স্পেশাল বাসে পুরী যাওয়ার নতুন পরিষেবাও শুরু করল শ্যামলী পরিবহণ নামে বেসরকারি ওই বাস পরিবহণ সংস্থা। বুধবার করুণাময়ী বাস টার্মিনাস থেকে পরিষেবা শুরু হল। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সপ্তাহের সাত দিনই এই বাস পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। নতুন সরকার স্পষ্ট করে দিয়েছে, সরকারের একার পক্ষে রাজ্যে বাস চালিয়ে ভিন রাজ্যে পরিষেবা দেওয়া আপাতত সম্ভব নয়। যারা পরিষেবা দিতে উদগ্রীব, তাদের লাল ফিতের ফাঁস গত সপ্তাহে খুলে দিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তারপর এদিন শুরু হল যাত্রা।

কোন রুটে কত ভাড়া?

  • কলকাতা–দিল্লি: ভাড়া ২,৫০০–৩,০০০ টাকা। পৌঁছতে সময় লাগবে ১৭ ঘণ্টা।
  • কলকাতা–বেঙ্গালুরু: ভাড়া ৪,৫০০ টাকা। সময় লাগবে প্রায় ৩৫ ঘণ্টা।
  • কলকাতা–চেন্নাই: ভাড়া ৪,৭০০ টাকা। সময় লাগবে প্রায় ২৪ ঘণ্টা।
  • কলকাতা–পুরী (ভলভো স্পেশাল): ভাড়া ১,৫০০–২,০০০ টাকা। সময় লাগবে প্রায় ৮ ঘণ্টা।

এই বিলাসবহুল বাসগুলিতে যাত্রীদের আরামদায়ক সফরের জন্য একাধিক আধুনিক সুবিধা রাখা হয়েছে। বায়ো-টয়লেট, বালিশ ও চাদর, প্রতিটি আসনে ব্যক্তিগত টিভি স্ক্রিন সহ OTT। এছাড়া স্ন্যাক্স, পানীয় জল, চা কফির ব্যবস্থা সহ মিনি স্ন্যাক্স বার থাকছে বাসে।

কলকাতা থেকে ভিনরাজ্যে নতুন বাস পরিষেবা শুরুর এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “বর্তমান সরকার জীবনের সর্বস্তরে একটা আধুনিকতার ছোঁয়া আনতে চাইছে। যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনতে চাইছে। শুধুমাত্র সরকারি বাস দিয়ে সামগ্রিকভাবে তো পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমরা যেমন পিপিপি মডেল স্বাগত জানাচ্ছি। একইরকমভাবে, বেসরকারি সংস্থাগুলির উপর থেকে জুলুমবাজি বন্ধ করে তাদের লাইসেন্স, পারমিট পাওয়ার প্রক্রিয়া অনেক সরলীকরণের চেষ্টা করছি। আজকে প্যান ইন্ডিয়ায় এই প্রচেষ্টা আমাদের রাজ্যের এক উদ্যোগপতি নিয়েছেন।” তিনি আরও বলেন, “আমরা চাই, প্রত্যেক বাস ডিপোর আধুনিকীকরণ। রাজ্যের সরকারি বাস পরিষেবা আগের সরকার কার্যত তুলে দিয়ে গিয়েছে। সেটা ঠিক করার আমরা চেষ্টা করছি।”

পূর্বতন সরকারের বিরুদ্ধে সরব শ্যামলী পরিবহণের ম্যানেজিং ডিরেক্টর- 

নতুন সরকারের ২ মাসের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে তাঁরা বাস পরিষেবা শুরু করতে পারার পর পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন বেসরকারি বাস পরিবহণ সংস্থা শ্যামলী পরিবহণের ম্যানেজিং ডিরেক্টর তথা প্রতিষ্ঠাতা অরুণ ঘোষ। আক্ষেপের সুরে বললেন, “বিগত তৃণমূল আমলে একটা ফাইল নিয়ে বারবার মন্ত্রীর দরজায় যেতে হয়েছে। বারবার আমাদের ঘোরানো হয়েছে। রুট চালু করার জন্য কোনওরকম সহযোগিতা করা হয়নি। নানা দিক থেকে নানা রকম থ্রেট এসেছে। ঘুরিয়ে টাকার কথা বলা হয়েছে। অসহযোগিতা প্রতিটি ক্ষেত্রে হয়েছে। সল্টলেক করুণীময়ী থেকে বিভিন্ন রাজ্যে রুট চালু করার জন্য গত চার বছর ধরে মন্ত্রীর দরজায় ঘুরেছি। বিভিন্ন অজুহাত দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একটা ফাইল একটা টেবিল থেকে অন্য টেবিলে যেতে পারেনি। অসহযোগিতার কারণে কাজই শুরু করতে পারিনি। চালু করা যায়নি।”

Follow Us