Mahua Moitra on Kakali: ‘নট সো পুওর’ বলে খোঁচা মহুয়ার, উত্তর দিতে ‘রুচিতে বাধছে’ কাকলির

Kakali Ghosh Dastidar: এনসিপিআই (NCPI)-এর ফেসবুক পেজের 'বায়ো'তে লেখা আছে- 'এনসিপিআই সমাজের দরিদ্র মানুষকে সাহায্য করে'। সেই অংশের ছবি পোস্ট করে মহুয়া লিখেছেন, "খুব বেশি দরিদ্র নয়, এমন ২০ জন সাংসদকেও নিশ্চয় এরা সাহায্য় করবে।"

Mahua Moitra on Kakali: নট সো পুওর বলে খোঁচা মহুয়ার, উত্তর দিতে রুচিতে বাধছে কাকলির
মহুয়া-কাকলি তরজাImage Credit source: AI Generated Image

Jun 21, 2026 | 3:11 PM

কলকাতা: একসময় লোকসভায় অনেক ইস্যুতেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করেছেন। একসময়ের সহযোদ্ধা কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদদের এখন কথায় কথায় খোঁচা দিতে ছাড়ছেন না মহুয়া মৈত্র (Mahua Moitra)। ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ যে দলে মিশে গিয়েছেন, সেই এনসিপিআই (NCPI)-এর ফেসবুক পেজ শেয়ার করে ওই সাংসদদের কটাক্ষ করলেন মহুয়া। জবাব দিতে পিছপা হচ্ছেন না বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।

এনসিপিআই (NCPI)-এর ফেসবুক পেজের ‘বায়ো’তে লেখা আছে- ‘এনসিপিআই সমাজের দরিদ্র মানুষকে সাহায্য করে’। সেই অংশের ছবি পোস্ট করে মহুয়া লিখেছেন, “খুব বেশি দরিদ্র নয়, এমন ২০ জন সাংসদকেও নিশ্চয় এরা সাহায্য় করবে।” এর আগে ৪ কোটি টাকা নিয়ে শিবির বদলেছেন বলে ওই সাংসদদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মহুয়া। আর এবার দলের ফেসবুক পেজ তুলে খোঁচা দেওয়ায় তিলোত্তমা ইস্যু মনে করিয়ে দিয়েছেন কাকলি।

এদিন মহুয়াকে জবাব দিয়ে কাকলি লিখেছেন, “গরিবের ওষুধ কেনার টাকা কীভাবে অপব্যবহার করা হয়, সেই প্রতিবাদ করতে গিয়ে তিলোত্তমা যখন শেষ হয়ে গিয়েছিল, তখন কি তাঁর পাশে দাঁড়িয়েছিলে?”

কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অপমান করা, অসম্মান করা, দেশের স্বার্থ বিঘ্নিত করাটাই যার কাজ, তাকে নিয়ে কিছু বলতে রুচিতে বাধে। টাকা দেওয়া হয়েছে, উনি কী করে জানলেন, উনি কি যোগাযোগে আছেন?” তরজা যে এখানেই থামার নয়, তা বোঝাই যাচ্ছে।

Follow Us