
কলকাতা: ৪ মে-র পর থেকে দলের ভিতরে-বাইরে শুধুই অভিষেক-বিরোধিতা। কেউ বলছেন, ‘ক্যামাক স্ট্রিট দলের সর্বনাশ করে দিয়েছে’, কেউ বলছেন, ‘অভিষেকের জন্য সব শেষ হয়ে গেল।’ কখনও তাঁর দরজায় গিয়ে দাঁড়িয়েছে পুলিশ, কখনও পুরসভা, কখনও সিআইডি, কখনও ইডি। তবে সব অন্যায় ক্ষমা করে দিচ্ছেন দলনেত্রী মমতা (Mamata Banerjee)। কেন করছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
গত ২ মাসে একটা কথা না বললেও বুধবার ঋত-শিবিরে যোগ দেওয়ার পর কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছেন, “অভিষেকের জন্যই সব ধ্বংস হয়ে গিয়েছে।” অভিষেককে দলে কীভাবে গুরুত্ব বাড়ানো হয়েছিল, সে কথাও উল্লেখ করেছেন মদন। শুধু কি মদন মিত্র! ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিবির ছেড়ে যাওয়া অনেক নেতাই অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। মমতার কথায়, এ সবই আসলে অজুহাত।
বুধবার ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপা১ধ্যায় বলেন, “অভিষেক আপানাদের কাছে অনেক খারাপ। এটা একটা বাহানা হয়ে গিয়েছে।” অভিষেকের কঠিন সময়ের কথা উল্লেখ করে মমতা আরও বলেন, “অভিষেকের বউ যখন দেড় বছরের সন্তানকে নিয়ে সিবিআই অফিসে গিয়েছিল, ওকে ডাকা হয়েছিল, তখন আপনাদের মনে ছিল না? আজও ডেকে পাঠানো হচ্ছে। সেটিং করে নিলেই তো রিলিফ হয়ে যেত।” তাঁর কথায়, অভিষেকের বিরুদ্ধে ৫০ খানা মামলা হয়েছে। যেভাবে অভিষেক লড়াই করছে, তাতে তার সব অন্যায় ক্ষমা করে দেওয়া যায়। মমতা এদিন নিজেও বলেন, “আমি যদি সেটিং করে নিতাম, তাহলে কর্মীদের এত কষ্ট পেতে হত না।”