
কলকাতা: ‘যদি সত্যিই কেউ তৃণমূলকে ভালবাসত, তাহলে তৃণমূলের মা-কে কেড়ে নিত না।’ ঋতব্রত শিবিরকে তীব্র কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতীক, দলের নাম হারিয়ে আজ প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন তৃণমূল নেত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা কোনও কিছুতেই মাথা নত করবেন না। সর্বশক্তি দিয়ে লড়াইয়ের বার্তাও দিয়েছেন। এই প্রসঙ্গে নাম না করে ফের ঋতব্রত (Ritabrata Banerjee) শিবিরকে ‘গদ্দার’ বলেও আক্রমণ করেন তিনি। মমতার কথায়, “গদ্দাররা প্রমাণ করল তৃণমূলকে তাঁরা ভালবাসে না।”
তৃণমূল ছেড়ে যাঁরা গিয়েছেন, তাঁদের চোর-ডাকাত বলেও আক্রমণ করেছেন মমতা। বলেন, “প্রত্যেকটা চোর-ডাকাত। যাঁরা করেছেন নিজের দায়িত্বে করেছেন। আমরা কোনওকিছুতে ঢুকিনি। আমার কাছে যা অভিযোগ আসত, সেই অনুযায়ী অ্যাকশন নিতাম। কিন্তু আমার অজান্তে যদি কেউ কিছু করে থাকে, তাহলে সেটা আমার দায়িত্ব নয়। আমি ভগবান নই। আমি মানুষ।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এটা প্রমাণ হয়ে গেল কারা আসল তৃণমূল-কে ভালবাসে, কারা আসল তৃণমূল, কারা আসল জোড়াফুল। আমাদের কর্মীরা কাল সারারাত কেঁদেছে। আর তাঁরা নাচ করেছে। এটাই হল তফাৎ। মা যদি সন্তানকে হারায়, সন্তান যদি মাকে হারায়, সেই মা-ই বোঝে সন্তানের দুঃখ, আর সন্তানই বোঝে মায়ের দুঃখ। এরা বোঝে না। কারণ এরা এসছে তৃণমূলকে শেষ করার জন্য। চার মাস আগে যারা নির্বাচিত হল, আজ সেটা বেআইনি হয়ে গেল? এটা হতে পারে কখনও? আপনার ইমারত যে গড়ল, সেই ইমারতে আপনারা ঢুকতে দিচ্ছেন না? আপনাদের তো টাকার অভাব নেই। গাড়ির অভাব নেই। কে সাপ্লাই দিচ্ছে?”