
কলকাতা: পালা বদলের পর থেকে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বহু চুনোপুঁটি নেতা থেকে রাঘব বোয়ালরা। পরপর গ্রেফতার হয়েছেন তৃণমূলের অনেক কাউন্সিলর। পুলিশ-সিআইডি (CID) নিয়ে চলছে তল্লাশি। এই আবহের মধ্যে তাবড়-তাবড় তৃণমূলের বিধায়ক-প্রাক্তন মন্ত্রীরা যাচ্ছেন হাইকোর্টে রক্ষাকবচের জন্য। সেই তালিকায় এবার নয়া সংযোজন মানস ভুঁইঞা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রক্ষাকবজ চেয়ে দ্বারস্থ হলেন হাইকোর্টের।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সারির নেতাদের মধ্যে আরও একজন হলেন মানসবাবু। তৃণমূল জমানায় সেচমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তবে, সম্প্রতি দল ছেড়েছেন সবংয়ের সাত বারের বিধায়ক। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করেছেন। সবং থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে BNS-এর ৩১৮(৪)/৬১(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযোগকারীর দাবি, সেচ দফতরের বাংলোতে চাকরি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার বিনিময়ে চাওয়া হয় পাঁচ লক্ষ টাকা। চাকরি পাওয়ার পর থেকে খাতায় সই করে অভিযোগাকারীর স্ত্রী মার্চ মাসের বেতন হিসেবে প্রায় ১১ হাজার টাকা পেয়েছিলেন।কিন্তু গত ৬ মে কাজে গেলে তাঁকে আর রেজিস্টারে সই করতে দেওয়া হয়নি। চাকরি থেকে বাদ পড়ায় নানান কটূক্তির শিকার হতে হচ্ছে মহিলাকে বলে অভিযোগ করে মামলা দায়ের হয়।
এরপর আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের হয়েছে। প্রাক্তন মন্ত্রী রক্ষাকবচ চেয়ে আগেভাগেই দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের।গ্রেফতারের আশঙ্কা থেকেই মামলা।