
কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)-র সঙ্গে সাক্ষাৎ হুমায়ুন কবীরের (Humayun Kabir)। নিজেই ছবি পোস্ট করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কেন এই সাক্ষাৎ, তাও খোলসা করে বললেন। ঠিক কী বললেন তিনি?
বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবীরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “শেষবার সতর্ক করছি, শুধরে যান। সবক শেখানোর সময় এসে গিয়েছে”। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন নওদার বিধায়ক হুমায়ুন। তিনি ফেসবুকে ছবি পোস্ট করে লেখেন যে এটি সৌজন্যমূলক সাক্ষাৎ। তিনি জানান, রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে এই বৈঠকে মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন এবং এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু দাবি ও সমস্যা নিয়ে কথা হয়েছে। অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই জানান।
বৈঠকে বিশেষ করে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন হুমায়ুন কবীর। কী কী সেই দাবি?
প্রথমত, নওদা বিধানসভার চাষিদের জন্য একটি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত হিমঘর (Cold Storage) নির্মাণের আবেদন করেন।
দ্বিতীয়, রেজিনগর বিধানসভার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সুবিধার জন্য ভাগীরথী নদীর উপর একটি নতুন সেতু নির্মাণ।
হুমায়ুন কবীর জানান যে মুখ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সমস্ত বিষয়গুলি শুনেছেন এবং জেলার উন্নয়নের জন্য ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত জুন মাসেই রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন নওদার বিধায়ক। এরপরই তাঁর বিরুদ্ধে থানায় সাম্প্রদায়িক উস্কানি এবং পরিকল্পিত ভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টার ধারায় অভিযোগ দায়ের হয়।