
কলকাতা: সুপ্রিম কোর্টের মামলায় ঝুলছে ভাগ্য ২০ জন সাংসদের ভাগ্য। এখনও নামের পাশ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম মোছা হয়নি। এই পরিস্থিতিতে কলকাতায় হয়ে গেল এনসিপিআই (NCPI)-এর র্যালি। আর সেই র্যালিতে দেখা গেল না ওই সাংসদদের। না কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), না সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাউকেই দেখা গেল না সেখানে।
শনিবার এনসিপিআই-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা উত্তীয় কুণ্ডু। পরবর্তী কর্মসূচিগুলিতে ওই সাংসদরা থাকবেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শিয়ালদহ থেকে ছিল পদযাত্রা। সাধুসন্ত এবং এনসিপিআই-এর কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন সেই র্যালিতে। প্রশ্ন উঠেছে, যাদের কারণে এই দল নিয়ে এত আলোচনা, তাদেরই দেখা নেই!
তবে আসন্ন কলকাতা পুর নির্বাচনে লড়াই করা নিয়ে জল্পনা ওড়ালেন উত্তীয় কুন্ডু। তিনি স্পষ্ট বলেন, আগে সংগঠন তারপর ভোটে লড়া। এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের ভবিষ্যত কী, সেটা সুপ্রিম কোর্টের ওপরই ছাড়লেন উত্তীয়। উত্তীয়র এমনটাও আশা যে তৃণমূল থেকে যোগ দেওয়া সাংসদরা একদিন নিশ্চয় বলতে পারবেন যে তাঁরা এনসিপিআই সাংসদ।
এনসিপিআই ইস্যুতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ভূমিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, গোটা বিষয়টিতে স্পিকারের পদক্ষেপ নজরদারিতে রাখবে কোর্ট। কোর্ট জানতে চায়, কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না? এর উত্তর এখনও দেননি এই ২০ জন NCPI সাংসদ। আবারও সময় চেয়েছেন তাঁরা।