
কলকাতা: ‘হাইজ্যাক করা হবে’,পাইলটের ককপিটে এমন একটি হুমকি চিঠি পড়ে থাকায় বুধবার কার্যত হইচই পড়ে গিয়েছিল কলকাতা বিমানবন্দরে। কলকাতা-মুম্বইগামী উড়ানে এসেছিল হাইজ্যাক অ্যালার্ট। আর তারপরই যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সেই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার এক যাত্রী। বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ় ক্যান্সার আক্রান্ত। প্রথমে CISF আটক করে তাঁকে, পরে বিমানবন্দর থানার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
কেন হাইজ্যাকের হুমকি দিয়েছিলেন?
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ়ের পাশাপাশি তাঁর স্ত্রীও ক্যান্সার আক্রান্ত। সম্প্রতি, কাজের জন্য স্ত্রীকে ছেড়ে আফ্রিকা চলে যেতে হচ্ছিল তাঁকে। তবে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে রেখে যেতে নারাজ ছিলেন তিনি। সেই কারণেই বিমানে নকল হাইজ্যাকের হুমকি চিঠে লিখেছেন, যাতে আফ্রিকায় চলে যাওয়া ভুন্ডুল করা যায়। জেরা চলাকালীন এ কথা ওই প্রৌঢ় নিজেই স্বীকার করেছেন বলে খবর।
কীভাবে ধরা পড়লেন?
বুধবার ১০টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বই ওড়ার উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। বিমানবন্দর সূত্রে খবর, ককপিটে পাইলট যেই ওঠেন, তখনই দেখতে পান হাইজ্যাক থ্রেট। অর্থাৎ চিরকূটে লেখা আছে ‘বিমানটি হ্যাইজ্যাক হবে’। এরপর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। তারপর বিমানটিকে অ্যাইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের দ্রুততার সঙ্গে নামিয়ে দেওয়া হয়। তারপর তাঁদের হাতের স্বাক্ষর নেওয়া হয়। সেই স্বাক্ষর পরীক্ষার পরই অভিযুক্ত প্রৌঢ় আটক হন।
এ দিকে, একাধিক যাত্রী এই ঘটনা ক্ষোভ উগরে দিয়েছেন। কারও ডাক্তার দেখানোর ছিল, কেউ যাচ্ছিলেন বিশেষ কাজে। কিন্তু সবটাতে ভাঁটা পড়ায় ক্ষুব্ধ একাংশ যাত্রী। যদিও, অভিযুক্ত যেহেতু ক্যান্সার আক্রান্ত তাই সহানুভূতি দেখিয়ে পুলিশ অভিযুক্তের নাম প্রকাশে অনিচ্ছুক।