
কলকাতা: অক্টেবর-নভেম্বর হল ঘূর্ণিঝড়ের তৈরির আদর্শ সময়। এবার তবে কি মরসুমের তৃতীয় ঘূর্ণিঝড় আসছে? কারণ, অর্ণব,মুরাসুর পর আবার ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। এ দিকে, নভেম্বরের শুরুতেই একটু ঠান্ডা-ঠান্ডা ভাব পড়েছিল। কিন্তু সত্যিই যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এই ঠান্ডা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তবে এখনই স্পষ্ট জানা যায়নি ঘূর্ণিঝড় হচ্ছে কি না।
মৌসম ভবন বলছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। ঘূর্ণাবর্ত আগেই তৈরি হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহান্তে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে। সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের যদি রূপ নেয় তাহলে তার নাম হবে ‘আকভান’। নামটি দিয়েছে ইরান। তবে সেটির গতিপথ কোনদিকে তা এখনও জানা যায়নি।
অপরদিকে, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে। অধিকাংশ জেলাতেই আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পাশাপাশি আগামী দু’থেকে চার দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ অনুভূত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আগামী কয়েক দিন মনোরম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস। তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে।