
কলকাতা: ১৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে টলিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর (Papiya Adhikary) প্রাক্তন আপ্তসহায়ককে। মঙ্গলবার সকালে বর্ধমান থানার পুলিশ সায়ন্তন সান্যাল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করার পরই একটি বিবৃতি দেন পাপিয়া। টলিগঞ্জ তথা তাঁর বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য ওই বার্তা দেন তিনি।
এদিন তিনি বার্তা দেন, সততা, স্বচ্ছতা এবং জনস্বার্থের উপর মানুষের আস্থা নিয়ে কোনও আপোস তিনি করেন না। সায়ন্তন সান্যালকে যে আগেই তিনি কাজ থেকে সরিয়ে দিয়েছেন, সে কথাও জানিয়ে দেন তিনি। বিধায়কের বক্তব্য, শিক্ষাগত যোগ্যতা এবং সততার ভাবমূর্তি তৈরি করেছিলেন সায়ন্তন। কিন্তু পরবর্তীতে তাঁর আচরণ সম্পর্কে কিছু গুরুতর অভিযোগ নজরে আসে। ফলে, তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
পাপিয়ার দাবি, সায়ন্তন তাঁর নাম ও পদের অপব্যবহার করেছিলেন, কিছু আর্থিক লেনদেনও করেছিলেন। স্বচ্ছতা বজায় রাখতেই তাঁকে পদ থেকে অপসারণ করেন বলে জানান পাপিয়া।
বিশ্বরূপ সাহা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সায়ন্তনকে। তাঁর দাবি, দিনের পর দিন টাকা নিয়েও ফেরত দেননি সায়ন্তন। লক্ষাধিক টাকার ঋণ রয়েছে তাঁর কাছে। সায়ন্তনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তিনি।