CPI(M) MLA Mustafizur Rahman: ‘বামেদের ছাড়া আলোচনা সম্পূর্ণ নয়’, বিধানসভায় দাঁড়িয়ে একের গুরুত্ব বোঝালেন একমাত্র বাম বিধায়ক

CPI(M) MLA Mustafizur Rahman on Left role in Assembly: নবনির্বাচিত স্পিকার রথীন্দ্র বসুকে অনুরোধ জানিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, "স্যার, আজকে যেটা আমরা বলতে চাইছি, সংখ্যার বিচারে বিরোধীদের কণ্ঠস্বরকে যাতে চাপা না দেওয়া হয়, সেটা আপনাকে আগামী ৫ বছর দেখতে হবে। এটা আমার দলের পক্ষ থেকে অনুরোধ। সংখ্যা নয়, যাতে সবার সমান অধিকার বিধানসভায় রক্ষিত হয়, সেটা দেখার জন্য অনুরোধ করি।"

CPI(M) MLA Mustafizur Rahman: বামেদের ছাড়া আলোচনা সম্পূর্ণ নয়, বিধানসভায় দাঁড়িয়ে একের গুরুত্ব বোঝালেন একমাত্র বাম বিধায়ক
বিধানসভায় ডোমকলের সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমানImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 15, 2026 | 2:55 PM

কলকাতা: একুশের নির্বাচনের পর বিধানসভায় তাদের কোনও প্রতিনিধি ছিলেন না। ছাব্বিশের ভোটে জিতেছেন একজন। শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচনের পর বক্তব্য রাখতে গিয়ে বাম আদর্শের কথা তুলে ধরলেন একমাত্র সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। ডোমকল থেকে নির্বাচিত সিপিএম এই বিধায়ক তুলে ধরলেন লোকসভায় প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এবং বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের কথা। স্পিকার কেমন হওয়া দরকার, সেকথা বলতে গিয়ে সিপিএমের এই দুই প্রয়াত নেতার কথা টেনে আনলেন মুস্তাফিজুর।

বিধানসভায় বিরোধীদের গুরুত্ব বোঝালেন ডোমকলের সিপিএম বিধায়ক-

শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন হয়। তারপর বিভিন্ন দলের বিধায়করা বক্তব্য রাখেন। সেখানেই বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রথীন্দ্র বসুকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন ডোমকলের সিপিএম এই বিধায়ক। বিধানসভার গরিমা রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি মুর্শিদাবাদের ডোমকল থেকে নির্বাচিত হয়ে যখন শপথগ্রহণ করলাম, সেদিন একটু আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আমি কোথায় এসে এই শপথ নিচ্ছি? ডক্টর প্রফুল্ল ঘোষ, ডাক্তার বিধানচন্দ্র রায়, ব্যারিস্টার সিদ্ধার্থশঙ্কর রায়, মাননীয় জননেতা জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। এছাড়া এই বিধানসভায় অনেক স্বাধীনতা সংগ্রামীর পা পড়েছে। একইরকমভাবে আমার মনে পড়ছিল আনিসুর রহমানের কথা। ডোমকলের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। প্রায় ২৫ বছর মন্ত্রী ছিলেন।”

এরপরই তিনি বলেন, “এটা ঘটনা যে সংখ্যার দিক থেকে আমাদের রাজ্যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। এটা অস্বীকার করার জায়গা নেই। মানুষ ভোট দিয়েছেন। নির্বাচিত করেছেন। কিন্তু, আমরা যে কথাগুলো রাষ্ট্রবিজ্ঞানে শিখেছি, লোকসভা ও বিধানসভা বিরোধীদের জন্য। আর বিরোধীদের যে কথা বলার অধিকার, বিশেষ করে সরকারের কাজগুলোর গঠনমূলক সমালোচনা করা। ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া। এটাই বিরোধীদের একমাত্র কাজ। আমরা মনে করি, সরকারের দর্পণ এই অধিবেশন কক্ষ।”

সোমনাথ চট্টোপাধ্যায় ও হাসিম আব্দুল হালিমের কথা-

এদিন বিধানসভায় ডোমকলের সিপিএম বিধায়ক বলেন, “চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি। গত নির্বাচনে আমরা শূন্য হয়েছিলাম। এবারের নির্বাচনে মানুষ বামপন্থীদের একজন প্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি একা। কিন্তু, আমি যে দলের সদস্য, ভারতের সংসদীয় রাজনীতিতে সেই দলের আলোচনা ছাড়া সংসদীয় রাজনীতি পরিপুষ্টতা লাভ করবে বলে আমি অন্তত মনে করি না। ভারতের সংসদীয় রাজনীতিতে কখনই একথা অস্বীকার করা যাবে না।”

এরপরই তিনি বলেন, “আমি তাই গর্বের সঙ্গে বলছি, ভারতের সংসদে স্বাধীনতার পর স্পিকার নিয়ে আলোচনা হয়, তাহলে নিশ্চিতভাবে এক বাক্যে সবাই স্বীকার করবেন, দু-পাঁচজনের মধ্যে অন্যতম সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর নাম সর্বাগ্রে আলোচনা হবে। একইরকমভাবে এই বিধানসভায় দীর্ঘ ২৯ বছর স্পিকারের ভূমিকা পালন করেছেন হাসিম আব্দুল হালিম। দলমত নির্বিশেষে বিধানসভার স্পিকার কেমন হবে, এটা যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সবাই এক বাক্যে স্বীকার করবেন, হাসিম আব্দুল হালিমের মতো স্পিকার হওয়া উচিত।”

স্পিকারকে অনুরোধ ডোমকলের সিপিএম বিধায়কের-

নবনির্বাচিত স্পিকার রথীন্দ্র বসুকে অনুরোধ জানিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, “স্যার, আজকে যেটা আমরা বলতে চাইছি, সংখ্যার বিচারে বিরোধীদের কণ্ঠস্বরকে যাতে চাপা না দেওয়া হয়, সেটা আপনাকে আগামী ৫ বছর দেখতে হবে। এটা আমার দলের পক্ষ থেকে অনুরোধ। সংখ্যা নয়, যাতে সবার সমান অধিকার বিধানসভায় রক্ষিত হয়, সেটা দেখার জন্য অনুরোধ করি।”

সিপিএমকে বিধায়ককে তাঁর বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ করেন স্পিকার। তখন ‘সরি’ বলে মুস্তাফিজুর বলেন, “এই বিধানসভায় বিধানসভার সদস্যদের আক্রমণ করা হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতাদের সঠিক স্পেস দেওয়া হয়নি। আমরা অনুরোধ করব, যাতে বিরোধীরা বেশি করে বলতে পারে। সরকার পক্ষের কাজের গঠনমূলক সমালোচনা ও কাজের ত্রুটিগুলো যাতে তুলে ধরতে পারি, সেটা দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। তবেই আমরা বিরোধী হিসেবে সঠিক দায়িত্ব পালন করতে পারব। মানুষ আমাদের যে রায় দিয়েছে, সেই রায়ের মর্যাদা রক্ষা করতে পারব।”

Follow Us