PM Narendra Modi: কলকাতায় তিন যুদ্ধজাহাজের উদ্বোধন, সমুদ্রপথে বাংলার গুরুত্ব বোঝালেন মোদী

PM Modi inaugurates Three Warships: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজকের দিনটা বিশেষ। আজ গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। এই উপলক্ষ্যে বাংলার পবিত্র ভূমিতে আসার সুযোগ হয়েছে। এটা এমন মাটি যা ভারতকে নতুন দিশা দিয়েছে। বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে।"

PM Narendra Modi: কলকাতায় তিন যুদ্ধজাহাজের উদ্বোধন, সমুদ্রপথে বাংলার গুরুত্ব বোঝালেন মোদী
প্রধানমন্ত্রী মোদীImage Credit source: PTI

Jun 21, 2026 | 1:27 PM

কলকাতা: আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা। জলপথে যুক্ত হল আরও তিনটি যুদ্ধজাহাজ। যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। আজ কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দর (Gardenreach থেকে এই তিন যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগেই এই যুদ্ধজাহাজগুলি (Three Warships Inauguration) তৈরি হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে এদিন ওই তিন যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনার হাতে তুলে দিলেন মোদী। একইসঙ্গে, যুদ্ধজাহাজ উদ্বোধনে কেন বাংলার মাটিকেই বেছে নিলেন, তাও বুঝিয়ে দিলেন। মোদীর কথায়, বাংলাই ভারতকে জলপথে সমগ্র বিশ্বের সঙ্গে জুড়েছে।

সমুদ্রপথে বাংলার গুরুত্ব কী? বোঝালেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, বাংলা ভারতকে নতুন দিশা দিয়েছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে মোদী বলেন, “আজকের দিনটা বিশেষ। আজ গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। এই উপলক্ষ্যে বাংলার পবিত্র ভূমিতে আসার সুযোগ হয়েছে। এটা এমন মাটি যা ভারতকে নতুন দিশা দিয়েছে। বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে। বাংলা ভারতকে সমুদ্রপথে গোটা বিশ্বের সঙ্গে জুড়েছে। আজ এই ভূমিতেই আত্মনির্ভর ভারত, সুরক্ষিত ভারত, বিকশিত ভারত-এর সঙ্গে যুক্ত নতুন কার্যক্রম শুরু হচ্ছে।…আজ নৌসেনায় সামিল হল তিনটি যুদ্ধজাহাজ।… সবাইকে অভিনন্দন।”

ভারতের উন্নতিতে সমুদ্রপথের গুরুত্ব

সমুদ্রপথ ভারতের বিকাশে কতটা গুরুত্বপূর্ণ, তাও বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, “নৌসেনা সক্ষম না হলে কোনও রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। সমুদ্র থেকে উন্নতি জুড়ে, সুরক্ষা জুড়ে, সমৃদ্ধি জুড়ে। বিশ্বে অধিকাংশ ব্যবসা সমুদ্রপথেই হয়, বিভিন্ন দেশের সঙ্গে জুড়ে রাখা ডেটা নেটওয়ার্কও সমুদ্রের নীচে।” প্রধানমন্ত্রীর মতে, “যে দেশের সমুদ্র সামর্থ্য মজবুত হবে, তার আর্থিক ও রণনীতিও ততটাই মজবুত হবে। ভারত এই বাস্তবতাকে ভালো করে বোঝে। ভারত নিজেকে তৈরি করছে।… আইএনএস বিক্রান্তের মধ্যে দিয়ে ভারতের ক্ষমতা বুঝেছে বিশ্ব।”

আর কী বললেন প্রধানমন্ত্রী?

দেশীয় প্রযুক্তিতে জাহাজগুলি তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখন নির্মাতা, আর নির্মাতা হলে ভারত একদিন নির্ণায়কও হবে।”

নৌসেনাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর। মোদী বলেন, “আমাদের সামর্থ্যের পরিচয় আমাদের আত্মনির্ভরতা। এবার ভারত সমুদ্র-শক্তির পরবর্তী ধাপে প্রবেশ করবে। জাহাজ নির্মাণের জন্য ৭০ হাজার কোটির আর্থিক প্যাকেজ হয়েছে। ২০১৪ সালের আগে প্রতিরক্ষা বাজেট ছিল ৪০ হাজার কোটি। আর এখন প্রতিরক্ষা বাজেট ১ লক্ষ ৪০ হাজার কোটি।”

Follow Us