
কলকাতা: শহরের বুকে আবার অগ্নিকাণ্ড। মহাকরণের পিছনে একটি বহুতলে লাগল আগুন। চার তলার ওই অফিসে গতকাল, রবিবার রাতে আগুন লাগে। ভোর রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে পকেট ফায়ার এখনও রয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বের হচ্ছে।
কলকাতার বিবাদি বাগ এলাকায় মহাকরণ বিল্ডিংয়ের পিছনেই একটি বহুতলে গতকাল রাতে আগুন লাগে। চতুর্থ তলে আগুন লাগে। কম্পিউটার সহ একাধিক সামগ্রী অফিসে থাকায় সেগুলি সব পুড়ে যায়। রাত থেকেই আগুন নেভানোর কাজ চলছে। দীর্ঘক্ষণ ধরে প্রচেষ্টার পর ভোরের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। তবে কিছু জায়গায় পকেট ফায়ার ছিল।
দমকলকর্মীরা সেই আগুনই নেভানোর চেষ্টা করছিলেন। তবে সময় যত এগোতে থাকে, ততই আরও আগুন বাড়তে থাকে। নতুন করে নিচের তলায় আগুন ধরে যায়। সেই অংশ থেকে এখন লেলিহান শিখা বের হচ্ছে। প্রচুর দাহ্য জিনিস মজুত থাকার কারণেই আগুন ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভানোর পরও বারবার আগুন ছড়িয়ে পড়ছিল।
বিল্ডিংয়ের সামনের অংশ থেকে হালকা ধোঁয়া বের হলেও, পিছনের দিকে প্রথমে কালো ধোঁয়া, এবং তারপরে আগুন বের হতে শুরু করে। বর্তমানে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দমকলকর্মীরা যারা উপরের তলে ফায়ার পকেটগুলি নেভাচ্ছিলেন, তারা জল দিচ্ছেন। অন্যদিকে, বাইরে থেকেও জল দেওয়া হচ্ছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাই করা হচ্ছে।