
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করল সিবিআই। আর তাতে উঠে এল বিজেপি নেতা অরুণ হাজরার নাম। সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে, অরুণ হাজরা অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতেন। অরুণের দেওয়া তালিকা থেকে ৫০ জনেরও বেশি চাকরি হয়েছে। আর সেক্ষেত্রে মাথা পিছু ৫ থেকে ৮ লক্ষ টাকা নিতেন অরুণ।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র, তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে। চার্জশিটে ২০১ ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। ১১ জন সাক্ষীর গোপন জমানবন্দি নেওয়ার আবেদন করেছে সিবিআই। জালিয়াতি, প্রতারণা, দুর্নীতিদমন আইন ও তথ্য প্রযুক্তি আইনে চার্জশিটা দেওয়া হয়েছে।
চার্জশিটে আগে ‘কাকু’ ও শান্তনুর নাম থাকলেও অরুণ হাজরার নাম এই প্রথমবার সামনে এল। এবার প্রশ্ন কে এই অরুণ হাজরা? জানা যাচ্ছে, অরুণ হাজরা উত্তর কলকাতার বিজেপি নেতা। আগে তিনি কংগ্রেস করতেন। তারপরে কিছুদিন তৃণমূল, পরে তিনি তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে চাকরির সুপারিশ গিয়েছিল, তাতেও উঠে এসেছিল বিজেপি নেতার নাম। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষের সাফ বক্তব্য, “বিজেপি নেতার নাম জড়িয়েছে, বিজেপিই উত্তর দেবে।” অন্যদিকে, এই অরুণ হাজরাকে ফোন করা হলে, তিনি ফোন তোলেননি।