
কলকাতা: ফাল্গুন-শেষে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। তবে, আশার খবর যে মার্চ মাসে প্রবল গরমের আশঙ্কা আর নেই। কারণ, রবিবার থেকে ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি হতে চলেছে। রবি-সোম ও মঙ্গলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তবে, উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টির হবে বলছে আলিপুর।
কেন বৃষ্টি?
বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। তবে শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া।
এরপর রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
উত্তরবঙ্গে কোথায়-কোথায় বৃষ্টি হবে?
বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলায়। বৃহস্পতিবার এবং শুক্রবার ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলা তো বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
সারাদিন মেঘলা আকাশ থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টি নেই। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবারে ফের হাওয়া বদল। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি।